হেমন্তের উৎসবে মুখর অফিসার্স ক্লাব
গেট দিয়ে ঢুকে একটু এগোলেই আলপনায় রাঙা পিচঢালা পথ। একপাশে খড়ের স্তূপ। কুঁড়েঘরের মতো কিছু স্থাপনাও আছে। ফুল দিয়ে পথের দুপাশ সাজানো। নৌকাও আছে সেখানে। গ্রামীণ আবহে সেজেছে অফিসার্স ক্লাব ঢাকা। আর আছে হরেক পদের পিঠা, জামদানি শাড়ি ও বইয়ের স্টল।
হেমন্তকে বিদায় দিতে আয়োজন করা হয়েছে হেমন্ত শেষের উৎসব। রাজধানীর অফিসার্স ক্লাবে দুদিনের এ উৎসব হবে। শুরু হয়েছে গতকাল শুক্রবার, আজ শনিবারে শেষ। সকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এর উদ্বোধন করেন। তিনি বলেন, ‘বাঙালি কোনো উপলক্ষকেই ছাড়তে রাজি নয়। এটি আমাদের চরিত্রের শক্তিশালী বৈশিষ্ট্য। সংস্কৃতির চেতনাতেই আমরা এগিয়ে যাব।’
উৎসবে বক্তব্য দেন ক্লাবের চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন খান ও সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্যসচিব আসমা সিদ্দিকা। অফিসার্স ক্লাব প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করেছে। পিঠা-পুলির বেশ কিছু স্টল আছে। ঢাকাই জামদানি নিয়ে এসেছে কেউ কেউ। প্রকাশনাগুলোও তাদের বই এনেছে। চতুর্থ শ্রেণিতে পড়ুয়া রিকথ এসেছে দাদুর সঙ্গে।
এ আয়োজন নিয়ে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘বাঙালিরা হেমন্ত ঋতুতে আলাদা উৎসব করে। এখানে গ্রামীণ জীবনের হেমন্তকে নাগরিকভাবে উপস্থাপন করা হয়েছে।’ উৎসবে সাংস্কৃতিক পরিবেশনাও আছে। গতকাল সন্ধ্যায় গান করেছেন শিল্পী আবু বকর সিদ্দিক, মাকসুদ ও মমতাজ বেগম। আজ গাইবেন ভারতীয় শিল্পী আমাল মালিক, সুমেধা, করমায়ী ও মোনালি ঠাকুর।