
‘প্রথম ফসল গেছে ঘরে,—/হেমন্তের মাঠে-মাঠে ঝরে/শুধু শিশিরের জল;/অঘ্রানের নদীটির শ্বাসে/হিম হয়ে আসে/বাঁশ-পাতা—মরা ঘাস—আকাশের তারা!/বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা!’—এ পঙ্ক্তিগুলো লিখেছিলেন কবি জীবনানন্দ দাশ। কবির লেখা সেই ‘প্রথম ফসল’ তোলার ঋতু হেমন্ত এখন পড়ন্ত বেলায়।
ঋতুচক্রের নিয়মেই হেমন্ত এসেছে। গ্রামবাংলার মাঠে-খেতে চলছে আমন ধান কাটার মহোৎসব। গৃহস্থবাড়িতে নতুন ধানে তৈরি করা পিঠাপুলির সুগন্ধ বাতাসে ভেসে বেড়ায়। গ্রামীণ সংস্কৃতিতে হেমন্তের এ শাশ্বত রূপ চিরকালীন।
সারা দেশে কিষান-কিষানিরা যেমন ধান কাটা, মাড়াই ও রোদে শুকানোর কাজে ব্যস্ত, তেমনি সিলেট অঞ্চলের মাঠ-খেতেও চলছে একই অবস্থা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক খায়রুল বাশার জানান, বিভাগের চার জেলায় চলতি বছর তিন লাখ ৫২ হাজার ৮০৭ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এসব জমি থেকে ফসল উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে নয় লাখ ৩৪ হাজার ৯৩৮ মেট্রিক টন। বন্যায় ফসলের কিছুটা ক্ষয়ক্ষতি হলেও সেটি লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না, বললেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, সিলেট শহরতলিসহ জেলার বিভিন্ন উপজেলায় ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে মাড়াই ও রোদে শুকানোর কাজ। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে কৃষকেরা কাজে নেমে পড়ছেন। সকাল ও দুপুরের খাবার কিষানিরা মাঠে নিয়ে যাচ্ছেন, সেখানেই কৃষকেরা আহার সেরে নিচ্ছেন। দিনভর হাড়ভাঙা খাটুনি শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছেন কৃষকেরা।
সিলেটের বিশ্বনাথ উপজেলার ক্রোরীগ্রাম এলাকার কৃষক আবদুল খালিক জানান, এবার আমনের ফলন ভালো হয়েছে। তাঁর জমিতে নিজেরা ধান কাটার পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত আরও তিনজন ধান কাটার শ্রমিক নিয়োগ দিয়েছেন। তাঁদের প্রত্যেককে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ টাকা করে দিতে হচ্ছে। দু-এক দিনের মধ্যে তাঁর ২০ একর জমির ধান কাটা শেষ হয়ে যাবে বলে জানালেন।
প্রথম ফসল ঘরে তোলার এ মৌসুম গ্রামীণ সমাজে ‘নবান্ন উৎসব’ হিসেবে পরিচিত। এ সময়টায় ধান কাটার পাশাপাশি নতুন চালে কমবেশি প্রায় সব গৃহস্থ পরিবারে পিঠাপুলি ও পায়েস তৈরি হচ্ছে। খেজুরের রস কিনতে পাওয়া যাচ্ছে বাজারে।
হেমন্ত শেষে শীত ঋতু আসবে। ধান কাটা শেষে শীত মৌসুমে সিলেটের অধিকাংশ গ্রামেই বাউলগানের আসরের আয়োজন করা হয়। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাউল আবদুর রহমান বললেন, সারা বছর ওই এক শীত মৌসুমেই গ্রামীণ সমাজ-সংস্কৃতিতে বাউলদের খুবই ব্যস্ত সময় পার করতে হয়। হেমন্তের শেষ সময়ে এসে বাউলগানের আসর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।