হেমায়েতপুর থেকে গাবতলী আসতে তীব্র জট
ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী পথে আজ বুধবার দুপুরের পর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঢাকা থেকে বের হওয়া যানবাহন চলাচলে কোনো সমস্যা নেই।
বেলা ৩টার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী যানবাহনগুলো হেমায়েতপুর থেকে গাবতলী পর্যন্ত ৭ কিলোমিটার পথে তীব্র জটে আটকে আছে। এতে এসব যানবাহনের যাত্রী চরম দুর্ভোগে পড়েছে। এ সময় অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্য যেতে দেখা গেছে। তবে ঢাকা থেকে বের হওয়া গাড়িগুলোকে বেশ নির্বিঘ্নে চলাচল করতে দেখা গেছে।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ যাওয়ার পথে রাজধানী থেকে বের হওয়া যানবাহনগুলো উথাইল-ধামরাই-জয়পুরা পর্যন্ত ২০ কিলোমিটার পথে আটকে আছে। এই পথে মাঝে মাঝে চলছে যানবাহন।
এদিকে নবীনগর-বাইপাইল-চন্দ্রা দিয়ে বের হওয়ার পথে যানবাহনের বেশ চাপ থাকলেও খুব একটা জটে পড়তে হচ্ছে না ঘরমুখো যাত্রীদের।
পাটুরিয়ায় যানজট
এদিকে মানিকগঞ্জে ঈদের ঘরমুখো মানুষ ও যানবাহনের প্রচণ্ড চাপ দেখা গেছে। জেলা ট্রাফিক পুলিশ, যাত্রী ও যানবাহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণার পর থেকে বাড়ির দিকে ছুটতে শুরু করেছে হাজারো মানুষ। বেলা ১১টার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। বেলা ১২টার পর থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। এ ছাড়া পাটুরিয়া ও আরিচায় যাত্রী নামিয়ে ফিরতি যানবাহনের চাপও বেড়ে যায়। এ সব কারণে ধীর গতিতে চলতে হচ্ছে যানবাহনগুলোকে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাতায়াত করেন। আজ বিকেলে পাটুরিয়ায় যানজটের সৃষ্টি হয়। ঘাট এলাকা ছেড়ে উথলী-পাটুরিয়া সড়কের নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন দীর্ঘ সারি দেখা গেছে। ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েছেন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়ায় ৯টি রো রো (বড়), ৩ টি কে-টাইপ (মাঝারি) ও ৬টি ইউটিলিটি (ছোট) ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে। খান জাহান নামের অপর একটি রো রো ফেরি আজ রাতে এই নৌপথে ফেরিবহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে যানবাহন পারাপারে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ফলে ফেরির ট্রিপসংখ্যা কমে গেছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, বেলা ২টার দিকে পাটুরিয়া শতাধিক যাত্রীবাহী কোচ, তিন শতাধিক পণ্যবাহী ও পশু পরিবহনের খালি ট্রাক নদী পারের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া শতাধিক ছোট গাড়ি (প্রাইভেটকার ও মাইক্রো) দীর্ঘ সারিতে আটকা রয়েছে। পর্যাপ্তসংখ্যক ফেরি থাকলেও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এবং স্রোতের কারণে ফেরির ট্রিপসংখ্যা কমে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।