হেমায়েতপুরে আগুন আতঙ্ক, অর্ধশতাধিক শ্রমিক আহত
আগুনের আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে ঢাকার সাভারের হেমায়েতপুরের ব্যাবিলন গ্রুপের একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কিছু যানবাহনসহ কারখানাটিতে ভাঙচুর করেছেন। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকেরা নন, ভাঙচুর চালায় বহিরাগত লোকজন। কারখানার বেশ কয়েকজন শ্রমিক বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে ব্যাবিলন গ্রুপের অবনী ফ্যাশন ক্যাজুয়াল লিমিটেডের ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি মেশিন থেকে ধোঁয়া বের হয়। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে বেশ কিছু শ্রমিককে ছুটি দেওয়া হয়। ধোঁয়া বের হওয়া বন্ধ হয়ে গেলে অনেক শ্রমিক আবার কাজে যোগ দেন। সন্ধ্যা ছয়টার দিকে ওই মেশিন দিয়ে আবারও ধোঁয়া বের হলে শ্রমিকেরা কারখানার ফায়ার অ্যালার্ম বাজিয়ে শ্রমিকদের সতর্ক করেন। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে যায়। তবে আগুন না লাগায় তাঁরা ফিরে যান। তাঁরা অভিযোগ করেন, কিছু শ্রমিক বের হওয়ার পর কারখানার মূল ফটক বন্ধ করে দিলে বাইরে থাকা শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তাঁরা ভেতরে গিয়ে ভাঙচুর করেন।পুলিশ জানায়, শ্রমিকসহ বহিরাগতরা কারখানার ভেতরে থাকা ২৬টি যানবাহনসহ অবনী ফ্যাশনসহ একই গ্রুপের আরও দুটি কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। পরে শিল্প পুলিশসহ র্যা ব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।কারখানার ব্যবস্থাপক ফিরোজ হাসান বলেন, মেশিন থেকে ধোঁয়া বের হওয়ার অভিযোগ সত্য নয়। কে বা কারা ফায়ার অ্যালার্ম বাজানোর পর শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে ১০-১৫ জন শ্রমিক আহত হন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, তুচ্ছ ঘটনায় শ্রমিকসহ বহিরাগত কিছু লোকজন কারখানাটিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।