হেমায়েতপুরে আরেক তরুণ অপহরণ, মুক্তিপণ দাবি
ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে গতকাল বুধবার ওয়াসিল ইসলাম নামের আরেক তরুণকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা দাবি করা হচ্ছে। এ নিয়ে গত ১০ দিনে একই এলাকা থেকে ছয় তরুণকে অপহরণ করা হলো। পুলিশ গতকাল পর্যন্তও তাদের উদ্ধার করতে পারেনি।ওয়াসিল সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি গ্রামের শাজাহান মিয়ার ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়ি এসে তিনি অপহূত হন।শাজাহান মিয়া জানান, গতকাল সকাল ১০টার দিকে তাঁর ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। বিকেলের দিকে এক ব্যক্তি তাঁর মুঠোফোনে ওয়াসিলকে অপহরণ করার কথা জানায়। এরপর ওই ব্যক্তি তাঁর ছেলেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি গতকাল সন্ধ্যায় শাজাহান মিয়া সাভার থানাকে জানান। তিনি আরও জানান, গতকাল দুপুরের দিকে হেমায়েতপুর এলাকা থেকেই তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে বলে তিনি তথ্য পেয়েছেন। ১৩ আগস্ট হেমায়েতপুরের সুগন্ধা হাউজিং থেকে সাদা পোশাকে পাঁচ সশস্ত্র ব্যক্তি র্যাব পরিচয়ে পাঁচ তরুণকে অপহরণ করে নিয়ে যায়। তাঁদের ব্যাপারে কোনো মুক্তিপণ দাবি করা হয়নি।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগের অপহরণের সঙ্গে গতকালের অপহরণের যোগসূত্র থাকতে পারে। তাঁদের উদ্ধারে পুলিশি তত্পরতা অব্যাহত আছে।