হেরে গেছেন, তাই ফেরত!

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কয়েক মাস আগে থেকেই স্থানীয় ইউপি সদস্য পদপ্রার্থী মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দিন গ্রামে গ্রামে জনসেবামূলক কাজ শুরু করেন। জমিজমা বিক্রি করে ভোটারদের মন পেতে তিনি তাঁদের মাঝে রিং পাইপ, স্বাস্থ্যসম্মত পায়খানার স্ল্যাব, ঢেউটিন ইত্যাদি বিতরণ করেন।
কিন্তু কাজ হয়নি। নির্বাচনে শেষ পর্যন্ত তিনি পরাজিত হন। এখন অবশ্য ভোটাররা মানবিক দিক বিবেচনা করে এসব মালামাল আয়েজ উদ্দিনের বাড়িতে ফেরত দিয়ে যাচ্ছেন।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আয়েজ উদ্দিন। তিনি নিজের সহায়সম্বল বিক্রি করে ওই সব রিং পাইপ, স্ল্যাব, ঢেউটিন কিনেছিলেন। এতে তাঁর ব্যয় হয় তিন লাখ টাকার মতো। উপজেলার জিয়ানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ছিলেন আয়েজ উদ্দিন। তিনি খলিশ্বর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। গত ২৮ মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইদ্রিস আলীর কাছে তিনি হেরে যান।
খোঁজ পেয়ে গত সোমবার তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে ফাঁকা জায়গায় রিং পাইপ, শৌচাগারের স্ল্যাব পড়ে আছে। আয়েজ উদ্দিন বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। ইচ্ছে ছিল একবার জনপ্রতিনিধি হয়ে গ্রামের মানুষের সেবা করব। তাই শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করে শেষ সম্বল কয়েক শতক জমি বিক্রি করেছি। ভোটারদের সঙ্গে কথা বলেই ১৫০টি রিং পাইপ, ৩০০টি পায়খানার পার্ট ও স্ল্যাব এবং কয়েক বান্ডিল টিন বিলি করেছি। কিন্তু ভোটের শেষ মুহূর্তে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালোটাকা দিয়ে ভোট কিনে আমাকে হারাইছে।’ তিনি আরও বলেন, আগে নিজের সামান্য জমি আর অন্যের জমি পত্তনি নিয়ে চাষাবাদ করে সংসার চালাতেন। নির্বাচনে দাঁড়িয়ে এখন সব খুইয়ে অসহায় হয়ে পড়েছেন। তবে তাঁর সততা আর দৈন্যের কথা বিবেচনা করে এ পর্যন্ত ভোটাররা নিজ থেকেই ১১০টি রিং পাইপ, শৌচাগারের ২০০ সেট ফেরত দিয়েছেন। তবে কেউ ঢেউটিন ফেরত দেননি।
খলিশ্বর গ্রামের ভোটার সোহেল রানা বলেন, ‘ভোট করার জন্যি গ্রামে গ্রামে তিনি ওই সব সামগ্রী বিলি করেছেন। তখন ভোটারদের মুখে মুখে তাঁর নাম ছিল। কিন্তু মানুষের মনের কথা বলা মুশকিল। তাঁর বিলি করা সামগ্রী ফেরত দিয়েছেন ভোটাররা।’
এদিকে ওই ওয়ার্ডে জয়ী প্রার্থী ইদ্রিস আলী ভোট কেনার কথা অস্বীকার করে বলেন, ‘ভোট নেওয়ার জন্য আয়েজ উদ্দিন যা করেছেন তা ভোটাররা মেনে নেননি। তাই আমাকে ভোট দিয়েছেন।’