হেরে যাওয়া প্রার্থীর সমর্থনে দামুড়হুদায় হরতাল চলছে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আজ মঙ্গলবার স্থানীয় আওয়ামী লীগের ডাকে আধা বেলা হরতাল চলছে। হরতাল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। কারচুপির মাধ্যমে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত প্রার্থী আবদুল কাদেরকে জিতিয়ে দেওয়ার অভিযোগে এবং ওই উপজেলায় পুনরায় ভোট গ্রহণের দাবিতে এই হরতাল ডাকা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে উপজেলা শহরের বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে উপজেলা গেটের কাছাকাছি স্থানে পিকেটিং করার সময় পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে হরতাল-সমর্থকেরা ওই স্থান ত্যাগ করে চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। সকাল থেকে ওই এলাকায় কয়েক দফা মিছিল ও পিকেটিং করেন তাঁরা। এদিকে হরতাল চলাকালে সেখানে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ অযৌক্তিক হিসেবে মন্তব্য করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান। তিনি বলেন, নির্বাচন নিয়ে তাঁদের কোনো আপত্তি বা অভিযোগ থাকলে তা নির্বাচন ট্রাইব্যুনালে লিখিতভাবে জানানো উচিত।
ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, কারচুপির মাধ্যমে ভাইস চেয়ারম্যান পদে আবদুল কাদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে। এই উপজেলায় পুনরায় ভোট গ্রহণের দাবি জানান তিনি।
এর আগে গতকাল বিকেলে এক সমাবেশে আজ সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত হরতালের ডাক দেয় স্থানীয় আওয়ামী লীগ। গত শনিবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে কৌশলে আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামকে হারানোর অভিযোগে এই হরতালের ডাক দেওয়া হয়। স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থন দিয়েছে এই হরতালে।