হেরোইন মামলায় খালাস পেলেন ভোলা
চট্টগ্রামে হেরোইন উদ্ধারের মামলায় এক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড এবং আরেক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিস আক্তার এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি অলিউদ্দিন পলাতক রয়েছেন। খালাস পাওয়া আসামি এহতেশামুল হক ওরফে ভোলা উপস্থিত ছিলেন। তিনি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার মামলার আসামি। তিনিই হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে জানান, ২০০৯ সালের ১৫ আগস্ট নগরের মুরাদপুর-অক্সিজেন সড়কের রৌফাবাদ এলাকায় অলিউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন, হেরোইনগুলো ভোলার। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে ভোলাসহ দুজনকে আসামি করে বায়েজীদ বোস্তামী থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১১ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি অলিউদ্দিনকে পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয় ভোলাকে।
পুলিশ সূত্র জানায়, খালাস পাওয়া ভোলাকে গত বছরের ২৭ জুন নগরের বাকলিয়া রাজাখালী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মনির হোসেনের কাছ থেকে মাহমুদা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহমুদা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান বাদী হয়ে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে ভোলা ও তাঁর সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে। তবে ভোলা অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কার নির্দেশে মাহমুদা হত্যাকাণ্ডে সরবরাহ করেছিলেন, সে তথ্য উঠে আসেনি অস্ত্র মামলার তদন্তে।