হেরোইন রাখার দায়ে এক পাকিস্তানির ১০ বছরের কারাদণ্ড
হেরোইন রাখার দায়ে পাকিস্তানি এক নাগরিককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। রাষ্ট্রপক্ষ এ মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁদের খালাস দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল পরে প্রথম আলোকে বলেন, পাকিস্তানি নাগরিক তাহির রিয়াজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯(খ) ধারায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পাওয়া দুজন হলেন পাকিস্তানি নাগরিক আকমল হোসেন ও বাংলাদেশি ইয়াকুব খান।
আদালত সূত্র বলেছে, তাহির রিয়াজকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার আগে কারাগারে আটক তাহির রিয়াজ ও আকমল হোসেনকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি ইয়াকুব খান আদালতে হাজির ছিলেন।
গুলশান থেকে ২০১৩ সালের ১১ মার্চ প্রায় দুই কেজি হেরোইনসহ তাহির রিয়াজকে আটক করে পুলিশ।