হেরোইন রাখায় এক যুবকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের দায়রা জজ আদালত হেরোইন রাখার অপরাধে আবদুল মালেক নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। দায়রা জজ রেজাউল করিম গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার চরদেবীনগর গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ১০ ডিসেম্বর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় নাটোর-রাজশাহী সড়কের একটি বাসে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির ১০০ গ্রাম হেরোইনসহ আবদুল মালেক (২২) ও আবদুল মান্নানকে (৩২) আটক করেন। তিনি এ ঘটনায় বাদী হয়ে সদর থানায় মামলা করেন। সাক্ষ্যপ্রমাণে মালেক দোষী সাব্যস্ত হলে বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এদিকে মান্নান নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।