হেরোইন আটক মামলায় নারীর কারাদণ্ড
হেরোইন উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় পেয়ারা বেগম ওরফে মিনু (৪৫) নামের এক নারীকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল সোমবার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এই রায় ঘোষণা করেন।মহনগর আদালতের সরকারপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. শামসুল আলম সাংবাদিকদের জানান, ২০০৫ সালের একটি মামলায় খুলশী থানাধীন শহীদ লেন বিহারি কলোনির বাসিন্দা পেয়ারাকে চার বছর কারাদণ্ড দেন আদালত। জানা গেছে, ২০০৫ সালের ১ জুন সাত গ্রাম ওজনের ১১৮টি পুরিয়াসহ পেয়ারা বেগমকে তাঁর বাসা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আটক করেন। পরে খুলশী থানায় মামলা হয়। তদন্ত শেষে ওই বছর ২৫ জুন পেয়ারা বেগমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছর ২৭ আগস্ট অভিয়োগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষের সাত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। এ সময় কাঠগড়ায় পেয়ারা বেগম উপস্থিত ছিলেন।