হেরোইন বিক্রেতার দুই বছর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার হেরোইন বিক্রেতা এক নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সানজিদা সুলতানা ওরফে সোনিয়া (২৫) কালীগঞ্জ শহরের নদীপাড়ার মোস্তাফিজুর রহমানের মেয়ে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে বিক্রির সময় পুলিশ সোনিয়াকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। পরে থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনজুমান আরা তাঁকে ওই দণ্ড দিয়ে কারাগারে পাঠান। এর আগে ২০১০ সালের ১৪ সেপ্টেম্বর হেরোইনসহ সোনিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পেয়ে ফের হেরোইন বিক্রি শুরু করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা জানান, ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী সোনিয়াকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।