হেরোইন রাখার দায়ে এক নারীর যাবজ্জীবন
হেরোইন রাখার দায়ে ফিরোজা বেগম (৫২) নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বে থাকা নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ফিরোজা বেগম রাজশাহী শহরের শিরইল বিহারি কলোনির বাসিন্দা। জামিনে থাকা ফিরোজা বর্তমানে পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ জুন বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ শহরের বন বেলঘরিয়া এলাকায় রাজশাহী থেকে আসা আগমনী পরিবহনের একটি বাস থেকে ফিরোজা বেগমকে আটক করে। এ সময় তাঁর কাছে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শামছুল আলম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
অতিরিক্ত দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল হাই বলেন, এই রায়ের মাধ্যমে মাদক পাচারে নারীদের ব্যবহার কমবে বলে আশা করা হচ্ছে।