হেরোইনবাহকের কথায় গ্রেপ্তার ছিনতাইকারী!
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক পাচারকারীর কাছ থেকে পুলিশ পরিচয়ে হেরোইন ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার মাদারপুর গ্রামের জাহিদুল ইসলাম ভারত থেকে এক কেজি হেরোইন বহন করে নিয়ে আসছিলেন। এ সময় ওমর আলী ও আবদুল মালেক নামের দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তাঁকে মারধর করে ওই হেরোইন ছিনতাই করেন। আহতাবস্থায় জাহিদুল ইসলামকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন বুধবার পুলিশ হাসপাতালে গিয়ে জাহিদুলকে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওমর আলী ও আবদুল মালেককে গ্রেপ্তার করে। তবে রহস্যজনক কারণে পুলিশ জাহিদুলকে ছেড়ে দেয়। ওই দিনই হাসপাতাল ছেড়ে জাহিদুল আত্মগোপন করেন।বুধবার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে জাহিদুল এই প্রতিবেদকের কাছে তাঁর কাছ থেকে হেরোইন ছিনতাই হওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, এই হেরোইনের মালিক তিনি নন। স্থানীয় এক মুরগি ব্যবসায়ী এর মালিক। গতকাল শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির কাছে হেরোইন পাওয়া যায়নি। এ জন্য অন্য একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর জাহিদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।