হেরোইনসহ এক নারী গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ রানী আখতার (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ওই নারী এলাকার আরও অর্ধশত নারীর মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।গত বুধবার রাত সাড়ে ১২টায় মিয়াখান নগরের বাদশা মিয়া কলোনি থেকে রানীকে গ্রেপ্তার করা হয়। তিনি এলাকার স্থানীয় বাসিন্দা জানে আলমের স্ত্রী।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আবছার ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে পুলিশ সদস্যদের প্রায় ৫০ জন নারী ঘিরে ফেলেন। তাঁরা রানীকে গ্রেপ্তারে বাধা দেওয়ার চেষ্টা করেন। রানী এলাকার নারীদের মাধ্যমে হেরোইন বিক্রি করেন। যাঁরা এ কাজের সঙ্গে জড়িত, তাঁরাই বাধা দিয়েছিলেন।’গ্রেপ্তার হওয়া রানীর কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে পুলিশ জানায়। এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।