হেরোইনসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের অনন্তপুর গ্রামের একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১০৪ পুরিয়া হেরোইনসহ আব্বাস উদ্দিন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) জসিম উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আব্বাস ওই গ্রামের পাটোয়ারী বাড়ির হুমায়ুন কবিরের ছেলে। সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে তিনি গোপন সংবাদে জানতে পারেন আব্বাস উদ্দিন অনন্তপুর এলাকায় একটি বাসা ভাড়া করে দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আছেন। প্রাথমিক অনুসন্ধানে তিনি অভিযোগের সত্যতা পান।
এরপর শনিবার রাত সাড়ে আটটার দিকে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বাসায় রাখা একটি ব্লেন্ডার মেশিনের ভেতর থেকে ১০৪ পুরিয়া হেরোইন উদ্ধার করেন এবং আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করেন। পরে আব্বাস উদ্দিনকে সুধারাম থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, আব্বাস উদ্দিনকে গতকাল রোববার নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।