হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ১১০ পুরিয়া হেরোইনসহ রিপন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গত বুধবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে আফিয়া বেগম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্ব পাড়া এলাকার ভুট্টু মিয়ার বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে রিপন মাদক ব্যবসা করে আসছিলেন। গতকাল সকালে রিপন সফিপুর বাজার এলাকায় হেরোইন বিক্রি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার পুলিশ সফিপুর বাজার এলাকা থেকে ১১০ পুরিয়া হেরোইনসহ তাঁকে গ্রেপ্তার করে। রিপন উপজেলার বোয়ালী ইউনিয়নের পিঁপড়াছিট গ্রামের সফিকুল ইসলামের ছেলে। অপরদিকে গোপন সংবাদে ভিত্তিতে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বুধবার অভিযান চালিয়ে আফিয়া বেগমকে গ্রেপ্তার করেন। তাঁর দেহ তল্লাশি করে ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আরা বেগম তাঁকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।