হেরোইনের ছোবলে সাভারে চার বছরে নয়জনের মৃত্যু
‘আমার দুইটা বেটা ছিল। হিরোইন আমার এক বেটাকে নিয়া গেচে। আরেকজনও মরার পতে। মনের দুঃখে অর বাবাও গেল সপ্তায় বিষ খাইয়া মরবার লাগচিল। আল্লায় বাঁচাইচে। আমারও আর বাঁচবার ইচ্চা করে না।’কথাগুলো বলতে বলতে আঁচলে চোখের জল মুছতে থাকেন লাইলী বেগম। তিনি রাজধানীর অদূরে সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকার দিনমজুর ফজর আলীর স্ত্রী। তাঁর বড় ছেলে নাসির উদ্দিন (২৫) তিন বছর আগে হেরোইনের থাবায় প্রাণ হারান। হেরোইনে আসক্ত ছোট ছেলে জামাল হোসেনের (২০) অবস্থাও গুরুতর।হেরোইনের থাবায় বাড্ডাসহ আশপাশের এলাকায় কোল খালি হয়েছে অনেক মায়ের। সন্তান হারিয়েছে তার বাবাকে, গৃহবধূ স্বামীকে।মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, গত চার বছরে হেরোইনের থাবায় সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া, ঘোড়াদিয়া ও ঘোষপাড়াসহ আশপাশের এলাকায় অন্তত ১৫ জন মারা গেছেন। আসক্ত হয়ে পড়েছেন ওই সব এলাকার দেড় শতাধিক তরুণ ও যুবক।মৃত ব্যক্তিদের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাড্ডা ভাটপাড়ার দেলোয়ার হোসেন (৩০) ও তাঁর ভাই বাহারাম হোসেন (২৫), লিটন (২৬), আওলাদ (৪০), নাসির উদ্দিন (২৫), ঘোড়াদিয়ার ডালিম (২৫), সুলতান আহামেদ (৩৫) এবং ঘোষপাড়ার সারোয়ার হোসেন (৪০) ও বাবু (২৩)।আলাপকালে জামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বছর চারেক আগে শহীদ নামের এক প্রতিবেশীর মাধ্যমে আমি হেরোইন সেবন শুরু করি। বড় ভাই নাসির আগে থেকেই হেরোইনে আসক্ত ছিলেন। নিয়মিত হেরোইন সেবনের ফলে কর্মক্ষমতা হারিয়ে ফেলি। তবু কোনোভাবেই এই নেশার গ্রাস থেকে বের হয়ে আসতে পারছি না।’ জামাল জানান, দিনে এক পুরিয়া হেরোইন তাঁর চাই-ই। এ জন্য দিনে অন্তত ৫০ টাকা দরকার।হেরোইন সেবন করে আপনার বড় ভাই মারা গেছেন, আপনিও তো মারা যাবেন? ‘কী আর করুম, ভাই। হেরোইন না খাইলে ঘুম অয় না, শরীর কামড়ায়।’ সরল জবাব জামালের।প্রয়াত দেলোয়ার ও বাহারামের ছোট ভাই আনিসুর রহমান জানান, তাঁর দুই ভাই সাভার বাজারে বাঁশের ব্যবসা করতেন। তখন তাঁদের পরিবার সচ্ছল ছিল। বছর পাঁচেক আগে প্রতিবেশী মাবুলের মাধ্যমে তাঁরা হেরোইনে আসক্ত হন। এরপর হেরোইনের পেছনে ব্যবসাসহ প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি খোয়ান। হেরোইনের ছোবলে বছর দেড়েক আগে মারা যান দেলোয়ার, বাহারাম মারা যান বছর খানেক আগে।ঘোড়াদিয়ার প্রয়াত ডালিমের বাবা জানান, হেরোইনের থাবায় বছর খানেক আগে ডালিম মারা যান। তাঁর অপর দুই ছেলে হারুন ও হালিম এখনো নেশার জগৎ থেকে বের হতে পারেনি।সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার মাতব্বর জানান, হারুন ও হালিম হেরোইন সেবনের পাশাপাশি বিভিন্ন ধরনের মাদকের ব্যবসাও করেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিষয়ে অধ্যয়নরত) ফরিদ উদ্দিন আহেমদ প্রথম আলোকে বলেন, হেরোইনের প্রভাবে দেহের কোষ ও স্নায়ুতন্ত্র ধ্বংস হতে থাকে। ক্ষুধামন্দা দেখা দেয়। এসব কারণে হেরোইনসেবীরা ক্রমেই রুগ্ণ হতে থাকে এবং কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এ ছাড়া হেরোইনে থাকা উপাদানগুলো হূদ্যন্ত্রকে দুর্বল করে ফেলে। দীর্ঘদিন হেরোইন সেবন করলে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর আশঙ্কা থাকে।সাভার থানা পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়ায় ১৫ বছর আগে প্রথম হেরোইনের ব্যবসা শুরু হয়। মাবুল নামের এক ব্যক্তি ওই এলাকায় হেরোইন নিয়ে আসেন। প্রথমে তিনি নিজে সেবনের পাশাপাশি প্রতিবেশী তরুণ ও যুবকদের হেরোইনে আসক্ত করার চেষ্টা করেন। ধীরে ধীরে ওই এলাকার অনেকেই হেরোইনে আসক্ত হয়ে পড়ে। মাবুল তাদের কাছে হেরোইন বিক্রি করতে শুরু করেন। এভাবে বাড্ডা ভাটপাড়া থেকে হেরোইনের ব্যবসা ছড়িয়ে পড়ে পুরো সাভার পৌর এলাকায়।