হেলমেট থাকলে ফুল, না হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে মোটরসাইকেলের হেলমেট ব্যবহারকারী চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান। আর যাঁদের মাথায় হেলমেট ছিল না, তাঁদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা।

আজ শনিবার দুপুরে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ অধিকারী বলেন, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যাই বেশি। যাঁরা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হচ্ছেন, তাঁদের বেশির ভাগই হেলমেট ব্যবহার করেন না। হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হলে দুর্ঘটনাজনিত নিহত ব্যক্তির সংখ্যা কমে আসবে বলে মনে করেন তিনি।

গোপালগঞ্জের পুলিশ সুপার বলেন, ‘মোটরসাইকেলের চালকদের জীবন নিরাপদ করার জন্য হেলমেট ব্যবহারের কোনো বিকল্প নেই। মোটরসাইকেলের চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। যাঁরা হেলমেট ব্যবহার করছেন, তাঁদের আমরা ফুল দিয়ে উৎসাহিত করছি। আর যাঁরা হেলমেট ব্যবহার করেন না, তাঁদের বিরুদ্ধে আমরা মামলা ও জরিমানা করছি, যাতে পরবর্তীকালে তাঁরা আর এ ভুল না করেন।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবু মো. তারেক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা, ট্রাফিক ইন্সপেক্টর মো. আমিরুল ইসলাম, এস এম জিয়াউল হায়দার, সার্জেন্ট মো. কামরুল ইসলাম, সার্জেন্ট মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।