হেলাল এখন সাজাপ্রাপ্ত আসামি!
মো. হেলাল এখন সাজাপ্রাপ্ত আসামি। পুলিশ বলছে, চাঁদপুরের চরভাঙ্গা গ্রামে এই নামের অন্য কেউ না থাকায় আদালতের পরোয়ানায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ এই মামলার মূল আসামি চাঁদপুরের হাইমচর থানার গন্ডামারা গ্রামের মো. হেলাল উদ্দিন।
মো. হেলাল চাঁদপুর জেলার হাইমচর থানার চরভাঙ্গা গ্রামের শহীদুল্লাহর ছেলে। গত ১৮ সেপ্টেম্বর মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলার সাজা পরোয়ানায় ‘মো. হেলাল উদ্দিন’ নামধারী আসামি হিসেবে মো. হেলালকে গ্রেপ্তার করে চাঁদপুর থানার পুলিশ।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, চাঁদপুর জেলা পুলিশ সুপারের কাছে আসামির বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে। পুলিশ সে প্রতিবেদন দেয়নি। ওই প্রতিবেদন এলেই বোঝা যাবে প্রকৃত আসামি কে।
২০১১ সালের ২৮ সেপ্টেম্বর ২৯ বোতল ফেনসিডিলসহ চাঁদপুর জেলার হাইমচর থানার গন্ডামারা গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে মো. হেলাল উদ্দিনকে তেজগাঁও থানার পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় সার্জেন্ট করিমুল মোস্তফা তেজগাঁও থানায় এ মামলা করেন। আসামি হেলাল উদ্দিন ২০১২ সালে কারাগার থেকে জামিনে মুক্ত হন। চলতি বছরের ২৫ জুলাই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আসামিকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ৩(ক) ধারায় তিন বছরের সাজা দেন এবং সাজা পরোয়ানা জারি করেন।
মো. হেলালের আইনজীবী মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, সাজাপ্রাপ্ত আসামি মো. হেলাল মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর আইনজীবীও রয়েছে। এই হেলাল যদি সাজাপ্রাপ্ত হেলাল হতেন, তাহলে তাঁর আইনজীবীর সঙ্গেই যোগাযোগ করতেন। আর গ্রেপ্তার হওয়া আসামির নাম-ঠিকানা ও ছবি হাজতি পরোয়ানা পুলিশের হেফাজতেই রয়েছে। সেই ছবির সঙ্গে কোনো মিল নেই। এরপরও আসামির অব্যাহতি মেলেনি।
তবে গ্রেপ্তারের সময় আদালতে দেওয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ প্রেরিত সাজা পরোয়ানায় মো. হেলালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির পিতার নাম, বয়স ও ঠিকানা মিল থাকলেও মা ও নানার নামের মিল নেই। এই ব্যক্তি ঢাকার উত্তরা বার ভেন্না সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতেন।