হেলাল ও তাঁর সহযোগীদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের কেন্দ্রীয় কমিটির ‘সদস্য’ হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও তাঁর চার সহযোগীকে গতকাল শনিবার বিকেলে রিমান্ডে নিয়েছে পুলিশ। রাতে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।এদিকে গতকাল যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় হেলাল আকবরকে যুবলীগের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবলীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই।গত সোমবার চট্টগ্রামের সিআরবিতে দরপত্র নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় হেলাল আকবরকে চার দিন এবং তাঁর চার সহযোগীকে তিন দিন করে রিমান্ডে নিয়ে গতকাল রাত থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। গতকাল চট্টগ্রাম কারাগার থেকে কোতোয়ালি থানায় নেওয়ার পর তাঁরা চুপচাপ ছিলেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, হেলাল আকবরসহ অন্য আসামিরা কীভাবে দরপত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন, এ বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে, জিজ্ঞাসাবাদ শেষে ২৯ আসামিকে গতকাল কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।ওসি আরও বলেন, তাঁদের কাছ থেকে পুলিশ কিছু তথ্য পেয়েছে। এসব তথ্য যাচাইবাছাই করে দেখা হচ্ছে। সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের ৯৬ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে সিআরবি সাত রাস্তার মোড়ে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় আরমান হোসেন (৮) ও সাজু পালিত (২৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান।ওসি বলেন, এ ঘটনায় হেলাল আকবরসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়। ওই দিনই পুলিশ ৫২ জনকে গ্রেপ্তার করে। পরদিন মঙ্গলবার আরেকজন গ্রেপ্তার হন। ওই দিন রাতে ঢাকার নিকেতন এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন হেলাল আকবরসহ আরও ছয়জন। তাঁদের মধ্যে শাকিল নামের একজন যুবক ঢাকা নগর পুলিশের করা মামলার আসামি। তাঁকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার হেলাল আকবরসহ অন্য পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।