হেলাল খান দুই দিনের রিমান্ডে
অভিনেতা হেলাল খানকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ দ্রুত বিচার আইনে করা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম সাবরিনা আলী এ আদেশ দেন।
গতকাল বাড্ডা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চলমান হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় আসামির জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত হেলাল খানের পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে দেন।
পুরান ঢাকার জনসন রোড থেকে গত সোমবার বিকেল চারটার দিকে হেলাল খানকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। হেলাল খান বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা।