মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে হেলাল মোর্শেদ খান জয়ী হয়েছেন। তিনি তাঁর মূল প্রতিদ্বন্দ্বী আবদুল আহাদ চৌধুরীর চেয়ে ১৮ হাজার ১৫৪ ভোটে বেশি পেয়ে জয়ী হয়েছেন। তবে নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগ করেছেন অন্য প্যানেলের প্রার্থীরা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে গত শনিবার রাত ১২টা থেকে ফল টানানো শুরু হয়। নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুযায়ী, ৬৪ জেলায় টেলিভিশন মার্কা নিয়ে হেলাল পেয়েছেন ৫৪ হাজার ৪১২ ভোট। দোয়াত-কলম মার্কা নিয়ে আহাদ চৌধুরী ভোট পেয়েছেন ৩৬ হাজার ২৫৮। অন্য চেয়ারম্যান প্রার্থী ইসমত কাদির আনারস মার্কা নিয়ে ১০ হাজার ৮৫৪ ভোট পেয়ে তৃতীয় হন। মহাসচিব পদে হেলাল-মতিন পরিষদের প্রার্থী ছিলেন এমদাদ হোসেন। তিনিও নির্বাচনে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আহাদ-মহিউদ্দিন পরিষদের মহিউদ্দিন আহম্মেদ। নির্বাচনে তিনটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নেয়। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ১০ জন। তবে তাঁরা কেউই উল্লেখযোগ্য ভোট পাননি। তাঁদের প্যানেলকে ভোট দেওয়ায় মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে হেলাল মোর্শেদ বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করব।’গত শনিবার প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের সরাসরি ভোটে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হয়। সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিল গঠনের লক্ষ্যে এ নির্বাচন হয়। সারা দেশের ৪৮১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদের জন্য ছয়টি প্যানেলে মোট ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যেক ভোটার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদ, জেলা কমান্ডের ১৭টি পদ এবং উপজেলা কমান্ডের ১১টি পদের জন্য ভোট দেন।নির্বাচনে প্রায় ৭৫ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল বলে নির্বাচন কমিশন জানায়। শনিবার রাত ১২টা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে ফলাফল আসতে থাকে। ফল প্রকাশে দেরি হওয়ার কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, একজন ভোটারকে ৬৯টি প্রতীকে ভোট দিতে হয়েছে। ফলে ভোট গণনায় সময় বেশি লেগেছে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী নির্বাচন প্রভাবিত করেছেন বলে অভিযোগ উঠেছে। চেয়ারম্যান প্রার্থী ইসমত কাদির সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে সরকারের মন্ত্রী থেকে শুরু করে আমলারা সবাই হেলাল মোর্শেদের পক্ষে কাজ করেছে। আমরা এত খারাপ ফলাফল আশা করিনি।’আহাদ-মহিউদ্দিন পরিষদের মহাসচিব প্রার্থী খান মো. বেলায়েত হোসেন ফলাফল অগ্রহণযোগ্য উল্লেখ করে প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে। কয়েকজন মন্ত্রী, সাংসদ, কয়েকটি জেলার আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচনে প্রভাব বিস্তার করেন। কয়েকটি কেন্দ্র দখল করে ব্যালট পেপারে হেলাল মোর্শেদের পক্ষে সিল দেওয়া হয়েছে।