হেলিকপ্টার থেকে টিপাইমুখ দর্শন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা অনিশ্চয়তা, নাটকীয়তা আর প্রতীক্ষার অবসান শেষে হেলিকপ্টারে চড়ে টিপাইমুখ প্রকল্প ঘুরে দেখার সুযোগ হলো বাংলাদেশের সাংবাদিকদের। গতকাল বুধবার হেলিকপ্টার থেকে প্রকল্প এলাকা পরিদর্শনের সময় মনে হয়েছে, মণিপুর রাজ্যে নির্মাণাধীন বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পটিতে অবকাঠামো তৈরির কাজ শুরু হয়নি। তবে প্রকল্পের নাগালে থাকা গ্রাম লুংথুলিয়ামে আদিবাসী মার জনগোষ্ঠীর অন্তত ৫০টি পরিবারের বসতি চোখে পড়েছে। তা ছাড়া বরাক নদসংলগ্ন এলাকার আশপাশেও রয়েছে মারদের ছড়িয়ে-ছিটিয়ে থাকা বসতি। গতকাল সাংবাদিকদের নিয়ে ভারতীয় বিমানবাহিনীর রাশিয়ায় নির্মিত ০৩০৫১ হেলিকপ্টারটি শিলচর বিমানবন্দর থেকে টিপাইমুখ যাত্রা করে। স্থানীয় সময় বেলা একটা ৪০ মিনিটে যাত্রা শুরু করে হেলিকপ্টারটি বেলা দুইটা ৫০ মিনিটে ফিরে আসে। ৭০ মিনিটের পরিভ্রমণে হেলিকপ্টারটি প্রায় এক হাজার ২০০ ফুট উঁচুতে ২০ মিনিট ধরে চারবার চক্কর দেয় প্রকল্পের চারপাশের এলাকায়।টিপাইমুখ বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করছেন স্থানীয় আদিবাসীদের পাশাপাশি বরাক উপত্যকার জনগোষ্ঠীর একাংশ ও পরিবেশবাদীরা। তাঁদের দাবি, টিপাইমুখে জলাধার ও বিদ্যুৎ প্রকল্প হলে বিরাট এলাকার পাহাড়-জঙ্গল পানিতে ডুবে যাবে এবং অনেক লুপ্তপ্রায় প্রাণিসম্পদ ধ্বংস হবে। ঘর আর জীবিকা হারাবে বহু মানুষ। তা ছাড়া টিপাইমুখ বাঁধ নির্মাণের পরে সেটি ভূমিকম্পে ধসে পড়লে আসাম ও বাংলাদেশেও বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।যাত্রা নিয়ে অনিশ্চয়তা: ভারত সরকার এ প্রকল্প এলাকা ঘুরিয়ে দেখাতে বাংলাদেশের ১০ সদস্যের গণমাধ্যম প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার দুপুরে প্রতিনিধিদলটি দেশটির রাজধানী নয়াদিল্লি থেকে আসামের শিলচর পৌঁছায়। টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ভারতীয় জাতীয় জলবিদ্যুৎ সংস্থা (এনএইচপিসি) প্রতিনিধিদলের বরাক নদসংলগ্ন এলাকায় সফরের সমন্বয় করে। শিলচর পৌঁছানোর পর সাংবাদিকেরা জানতে পারেন, হেলিকপ্টারে ওঠার সুযোগ হলেও টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় নামার সুযোগ তাঁদের হচ্ছে না। গতকাল বেলা সাড়ে ১১টায় শিলচর বিমানবন্দর থেকে সাংবাদিকদের নিয়ে হেলিকপ্টারের টিপাইমুখ যাত্রার কথা ছিল। যাত্রার ঘণ্টা দুয়েক আগেই এনএইচপিসির কর্মকর্তাদের সঙ্গে বিমানবন্দরে উপস্থিত হন সাংবাদিকেরা। বেলা ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা এনএইচপিসির একজন উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে দেন, হেলিকপ্টারে কোনো ক্যামেরা নেওয়া চলবে না। উপস্থিত বাংলাদেশের সাংবাদিকেরা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাঁরা বলেন, ইতিমধ্যে ভারতের পানিসম্পদসচিব ধ্রুব বিজয় সিং প্রকল্প সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এসএইচপিসির কর্মকর্তাদের কাছ থেকেও এ সম্পর্কে জানা গেছে। এখন আবহাওয়ার কারণে প্রকল্প এলাকায় ঘুরে দেখা যাবে না। শুধু হেলিকপ্টার থেকে দেখা যাবে। এ পরিস্থিতিতে ছবি নেওয়ার সুযোগ না থাকলে হেলিকপ্টারযাত্রার যৌক্তিকতা কোথায়? তাই ক্যামেরা নেওয়া না গেলে সাংবাদিকেরা যাবেন না বলে জানিয়ে দেন। বিমানবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশের তথ্য জানিয়ে সিদ্ধান্তে অটল থাকেন। এই অবস্থায় সাংবাদিক প্রতিনিধিদলের সমন্বয়কারী ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রঞ্জন মণ্ডল বিষয়টি নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানান। হাইকমিশনের কর্মকর্তারা দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এমন এক পরিস্থিতিতে বিমানবাহিনীর ওই কর্মকর্তা দুপুর ১২টা ১৫ মিনিটে আবার হেলিকপ্টার ছাড়ার সময় নির্ধারণ করেন। কিন্তু তখনো ক্যামেরা ছাড়া সাংবাদিকেরা না যাওয়ার কথা জানিয়ে দেন। পরিস্থিতি জানতে পেরে বিষয়টি সুরাহার জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। শেষ পর্যন্ত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সিদ্ধান্ত পাল্টায় ভারতীয় বিমানবাহিনী। যাত্রার চূড়ান্ত সময়সূচি ঠিক হয় বেলা দেড়টায়। শেষ পর্যন্ত একটা ৪০ মিনিটে উড়াল দেয় হেলিকপ্টার।