হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামার প্রশিক্ষণ নিচ্ছে ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে আসছেন ঢাকা মহানগর পুলিশের এক সদস্য। সেনাবাহিনীর কমান্ডোদের মাধ্যমে পুলিশের ২০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ নিচ্ছেন ষ ছবি: প্রথম আলো
হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে আসছেন ঢাকা মহানগর পুলিশের এক সদস্য। সেনাবাহিনীর কমান্ডোদের মাধ্যমে পুলিশের ২০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ নিচ্ছেন ষ ছবি: প্রথম আলো

এই প্রথম হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামলেন সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা। নেমেই হাসিমুখে বললেন, ‘একটুও ভয় লাগেনি।’
সেনাবাহিনীর কমান্ডোদের কাছ থেকে উঁচু স্থান থেকে দড়ি বেয়ে নেমে আসার এ প্রশিক্ষণ নিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের ২০ সদস্য। আয়েশা সিদ্দিকাসহ দুজন নারীও আছেন সে দলে। গতকাল মঙ্গলবার ছিল তাঁদের হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে আসার মহড়া। পুলিশ সদস্যের এই প্রশিক্ষণ দেখতে গতকাল ঢাকা থেকে কয়েকজন সাংবাদিক নিয়ে সিলেট যান মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। সেখানে তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে উদ্ধার, আটকে পড়া মানুষকে বের করে আনা, এমনকি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানও চালানো সম্ভব হবে।
উঁচু স্থান থেকে দড়ি বেয়ে নামার একটি বিশেষ কৌশলকে বলে র‌্যাপলিং। সেনাবাহিনীর সব সদস্যই এই প্রশিক্ষণ পেয়ে থাকেন। তবে পুলিশের জন্য এ ধরনের প্রশিক্ষণ এই প্রথম। ঢাকা মহানগর পুলিশের সোয়াত দলের ২০ সদস্য সিলেটের জালালাবাদ সেনানিবাসের ‘স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিস’-এ দুই সপ্তাহের প্রশিক্ষণ নিচ্ছেন। কাল বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষ হবে।
সোয়াত দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার আশিকুর রহমান বলেন, দুজন নারী কর্মকর্তাসহ ২০ জন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে পাঁচজন সহকারী কমিশনার, পাঁচজন উপপরিদর্শক (এসআই) ও ১০ জন কনস্টেবল। তিনি জানান, সোয়াত দলের ৪০ সদস্য এর আগে যুক্তরাষ্ট্রে বিশেষ প্রশিক্ষণ পেলেও দড়ি বেয়ে নেমে আসার প্রশিক্ষণ তাঁরা পাননি। সেনাবাহিনীর সহায়তায় সেই প্রশিক্ষণ করা হচ্ছে। প্রশিক্ষক হিসেবে আছেন মেজর মো. ফারুক ও মেজর মঞ্জুরুল হক।