হেলিকপ্টার থেকে দড়িতে করে নামার প্রশিক্ষণ পেল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নিচে নেমে আসেন সোয়াতের সদস্যরা। ছবি: গোলাম মর্তুজা
হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নিচে নেমে আসেন সোয়াতের সদস্যরা। ছবি: গোলাম মর্তুজা

প্রথমবারের মতো হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নিচে নামার (র‌্যাপলিং) প্রশিক্ষণ পেয়েছে বাংলাদেশ পুলিশ। প্রশিক্ষণের অংশ হিসেবে আজ মঙ্গলবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে হেলিকপ্টার থেকে নেমে আসেন ঢাকা মহানগর পুলিশের সোয়াত দলের ১২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। আজকের প্রশিক্ষণে ১২ জন সদস্য অংশ নিলেও প্রশিক্ষণার্থীর সংখ্যা ২০ জন। আগামী বৃহস্পতিবার তাঁদের প্রশিক্ষণ শেষ হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ এই বিশেষ মহড়া দেখতে আজ সকালে সিলেটে যান। আজকের মহড়া শেষে মাটিতে নেমেই বিজয়ীর বেশে দৌড়ে আসছিলেন প্রশিক্ষণার্থীরা। এ সময় ডিএমপি কমিশনার তাঁদের অভিনন্দন জানান।

ডিএমপির সোয়াত দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার আশিকুর রহমান বলেন, জালালাবাদ সেনানিবাসের স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিস থেকে দুই সপ্তাহের এই প্রশিক্ষণ দেওয়া হয়। দুজন নারী কর্মকর্তাসহ ২০ জন এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশ এখন বৈশ্বিক সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে। এ জন্য পুলিশকে সব ধরনের সক্ষমতা অর্জন করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে উদ্ধার, আটকে পড়া মানুষকে বের করে আনা, এমনকি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানও চালানো সম্ভব হবে। যেকোনো পরিস্থিতিতে হেলিকপ্টার থেকে পুলিশ সদস্যদের অকুস্থলে নামানো যাবে।’

হেলিকপ্টার থেকে নেমে এসে ডিএমপির সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রথম আলো ডটকমকে বলেন, হেলিকপ্টার থেকে এটিই তাঁর প্রথম দড়ি বেয়ে নেমে আসা। প্রশিক্ষণের সময় তাঁরা উঁচু টাওয়ার থেকে দড়ি বেয়ে নেমেছেন। আজ হেলিকপ্টার থেকে নামার সময় এটি একটু দুলছিল। তবে তিনি ভয় পাননি বলে জানান।