সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল বুধবার নিজ নির্বাচনী এলাকা মাদারীপুরের কালকিনিতে আসছেন—এমন খবরে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় গতকাল সকালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। তবে আবুল হোসেনকে এই বিক্ষোভ-অবরোধের মুখে পড়তে হয়নি। তিনি এলাকায় যান হেলিকপ্টারে করে।জানা গেছে, আবুল হোসেনের নিজ ইউনিয়ন ডাসারকে থানায় উন্নীত করা হয়েছে। কিন্তু কালকিনি উপজেলার গোপালপুর ও বালিগ্রাম ইউনিয়নের জনগণ ওই থানায় নিজেদের অন্তর্ভুক্ত করতে চায় না। এর আগে এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে একাধিকবার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভের মুখে গোপালপুর ও বালিগ্রাম ইউনিয়নকে বাদ দিয়ে থানা করার প্রতিশ্রুতি দেন আবুল হোসেন। এর মধ্যে গত ৭ জানুয়ারি গোপালপুর ও বালিগ্রাম ইউনিয়নকে নিয়েই ডাসার থানা অনুমোদন করা হলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।আবুল হোসেনের এলাকায় আসার খবর পেয়ে গতকাল সকাল নয়টা থেকেই গোপালপুর ও বালিগ্রাম ইউনিয়নের মানুষ ভূরঘাটা বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকে। তারা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। সমাবেশে বক্তব্য দেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রঞ্জু কাজী, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহজালাল, স্থানীয় ব্যবসায়ী দবির কাজী, আতিকুর রহমান আজাদ প্রমুখ। প্রায় ৪০ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। পরে কালকিনি ও নবগঠিত ডাসার থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় ব্যবসায়ী দবির কাজী প্রথম আলোকে বলেন, ‘নবগঠিত থানা তাঁদের এলাকা থেকে অনেক দূরে। সেই তুলনায় কালকিনি একেবারেই কাছে। তাঁদের এলাকা নতুন থানার অন্তর্ভুক্ত হওয়ায় এখানকার মানুষকে ভোগান্তিতে পড়তে হবে। আবুল হোসেন প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছেন।’জানা গেছে, আগামী ২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে নদীশাসন প্রকল্প উদ্বোধন শেষে মাদারীপুরে যাবেন। ওই দিন তিনি মাদারীপুরের এ আর হাওলাদার জুটমিল মাঠে জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল মাদারীপুরের কালকিনিতে প্রস্তুতি সভা হয়। প্রস্তুতি সভায় যোগ দিতে গতকাল বেলা ১১টার দিকে আবুল হোসেন একটি হেলিকপ্টারযোগে কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে অবতরণ করেন। এরপর তিনি সার্কিট হাউস মাঠে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভায় যোগ দেন।বর্তমান সরকারের সময় নির্বাচনী এলাকায় এটা আবুল হোসেনের সপ্তম সফর। মন্ত্রী থাকাকালে এর আগে তিনি ছয়বার এলাকায় গেছেন। প্রতিবারই গেছেন সড়কপথে। এলাকাবাসী অভিযোগ করেন, গতকাল বিক্ষোভ ও অবরোধের মুখে পড়ার আশঙ্কায় তিনি আকাশপথে হেলিকপ্টারে কালকিনিতে যান।তবে কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘কালকিনিতে হেলিকপ্টার নিয়ে সৈয়দ আবুল হোসেনের আসা নতুন কিছু নয়। এর আগেও তিনি হেলিকপ্টারে এসেছেন। এ নিয়ে আবার বিতর্ক কিসের?’