হেলিকপ্টারে এলেন বর-কনে
বিয়ের পর হেলিকপ্টারে চড়ে কনের বাবার বাড়ি এলেন নবদম্পতি। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া গ্রামে তাঁদের সংবর্ধনা দিতে এ সময় উপস্থিত ছিলেন এলাকার কৃষক-শ্রমিকসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।
গত ২০ এপ্রিল উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে নাফিসা নুসরাতের সঙ্গে ঢাকার বাসিন্দা সাইফুল গনি চৌধুরীর ছেলে মোসাহিদুল গনি চৌধুরীর বিয়ে হয়। গতকাল তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা হয় ওই গ্রামে। স্থানীয় বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে বেলা দুইটায় বর-কনে হেলিকপ্টারে করে আসেন।
স্থানীয় কৃষক আবদুল আলীম জানান, কনের বাবা ও তাঁর পরিবারের সদস্যরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। অনুষ্ঠানে গ্রামের সাধারণ মানুষের জন্য খাবারের ব্যবস্থা রাখা হয়। তাঁরা কারও কাছ থেকে কোনো উপহারসামগ্রী নেননি।