হেলিকপ্টারে এসে ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন!...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিকপ্টারে করে দুপচাঁচিয়া আসেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক। ছবি: প্রথম আলো
হেলিকপ্টারে করে দুপচাঁচিয়া আসেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক। ছবি: প্রথম আলো

হেলিকপ্টারে এসে বগুড়ার দুপচাঁচিয়ায় একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন করলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক। আজ শনিবার দুপুরে আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামের ওই বেসরকারি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান। এটি উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত। ডায়াগনস্টিক সেন্টারটি উদ্বোধনের জন্য এক লাখ ৪০ হাজার টাকায় ভাড়া করা একটি বেসরকারি হেলিকপ্টারে করে জাহাঙ্গীর হোসেন মল্লিককে এখানে আনা হয়। বেলা দুইটার দিকে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন তিনি।
আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক (রাজশাহী) টি এম আফজাল হোসেন, স্কয়ার হাসপাতালের পরিচালক কে এম সাইফুল ইসলাম, দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী, প্রবীণ শিক্ষক আফতাবুজ্জামান, আহমেদুর রহমান, পল্লি বিদ্যুৎ দুপচাঁচিয়া এলাকার পরিচালক জাহেদুর রহমান প্রমুখ।

এলাকাবাসী জানান, দুপুর পৌনে দুইটার দিকে হেলিকপ্টারটি দুপচাঁচিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামে। এ সময় এলাকার উৎসুক জনতা মাঠের চারপাশে ভিড় জমান। পরে বিকেল সোয়া চারটার দিকে হেলিকপ্টারটি দুপচাঁচিয়া ছেড়ে যায়।

হেলিকপ্টার দেখতে আসা ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘এই এলাকায় এটাই প্রথম হেলিকপ্টার এসেছে। তাই বাচ্চাদের দেখানোর জন্য এসেছি।’ এ বিষয়ে জানতে চাইলে আস্থা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিজানুর রহমান খান বলেন, ‘এটি ভাড়া করা হেলিকপ্টার নয়। আমার এক বন্ধু হেলিকপ্টারটি সৌজন্যভাবে সাহায্য করেছে। মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক দুপচাঁচিয়ার কৃতি সন্তান আমার বন্ধু হওয়ায় তাঁকে দিয়েই ডায়াগনস্টিক সেন্টারটি উদ্বোধন করিয়েছি।’