হেলিকপ্টারে এসে নানা প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আচরণবিধি লঙ্ঘন করে গতকাল হেলিকপ্টারযোগে এলাকায় গিয়ে ভাইয়ের পক্ষে ভোট চান মালয়েশিয়া-প্রবাসী মিলন হাওলাদার। তাঁর ভাই হ‌ুমায়ূন কবির বরগুনা সদরের নলটোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী। ছবিটি গর্জনবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তোলা l প্রথম আলো
আচরণবিধি লঙ্ঘন করে গতকাল হেলিকপ্টারযোগে এলাকায় গিয়ে ভাইয়ের পক্ষে ভোট চান মালয়েশিয়া-প্রবাসী মিলন হাওলাদার। তাঁর ভাই হ‌ুমায়ূন কবির বরগুনা সদরের নলটোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী। ছবিটি গর্জনবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তোলা l প্রথম আলো

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হুমায়ুন কবিরের বড় ভাই মালয়েশিয়া-প্রবাসী মিলন হাওলাদার গতকাল বুধবার দুপুরে হেলিকপ্টারে করে নলটোনায় আসেন। এরপর তাঁর ভাইকে নির্বাচিত করতে ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
বেলা ৩টা ২৩ মিনিটে বেসরকারি প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টারে করে গর্জনবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামেন মিলন হাওলাদার। তাঁর সঙ্গে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম। তাঁদের অভ্যর্থনা জানাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহ আলম মুনসিসহ কয়েক শ নেতা ও সমর্থক উপস্থিত ছিলেন। মিলন হাওলাদার ও অন্যরা বিদ্যালয় মাঠের পূর্ব পাশে বানানো মঞ্চে গিয়ে ওঠেন। সেখানে উপস্থিত হন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বুড়িরচর ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুনাম দেবনাথ।
জনসভাস্থলে ছয়টি মাইক লাগানো ছিল। এ সময় সেখানে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) ও তিনজন কনস্টেবলকে শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকতে দেখা যায়।
সমাবেশে মিলন হাওলাদার বলেন, ‘আমার ভাইকে আমি চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। যদি আমার ভাই চেয়ারম্যান হয়; তবে ইউনিয়নের প্রত্যেক ঘর থেকে একজন করে লোককে আমি মালয়েশিয়ায় নেব। আপনারা শুধু বিমান ভাড়া আর ভিসার টাকাটা দেবেন। আর তা-ও যদি দিতে না পারেন; তবে আমি টাকা দেব, ওখানে কাজ করে আমার টাকা পরিশোধ করবেন।’ এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ভাই চেয়ারম্যান হলে সরকারি অর্থের অনুদানের বাইরেও আমি ব্যক্তিগতভাবে এলাকায় অনেক উন্নয়ন করব।’
নির্বাচনী আচরণবিধিমালা-২০১৬-এর ১৩ (খ) ধারা অনুযায়ী নির্বাচনী কাজে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করা যাবে না। একই বিধিমালার ৭ এর (ক) ধারা অনুযায়ী, পথসভা বা ঘরোয়া সভা ব্যতীত জনসভা ও শোভাযাত্রা নিষিদ্ধ।
সুশাসনের জন্য নাগরিক সুজনের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর একজন প্রার্থীর ভাইয়ের হেলিকপ্টারে এলাকায় এসে ভাইয়ের পক্ষে নির্বাচনী জনসভা করা নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, মঙ্গলবার বিকেল থেকে গোটা ইউনিয়নে তিন-চারটি মাইকে আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন কবিরের বড় ভাই বুধবার দুপুরে নলটোনা আসবেন—এমন প্রচার চালানো হয়। এ জন্য দলীয় নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের বেলা তিনটার মধ্যে নলটোনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করার উদ্দেশ্যেই তাঁর বড় ভাই হেলিকপ্টার নিয়ে এসেছেন। এমনকি আচরণবিধির লঙ্ঘন করে জনসভাও করেছেন। তিনি অভিযোগ করেন, প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী কালোটাকার প্রভাব খাটাচ্ছেন এবং ভাড়াটে সন্ত্রাসী এনে ভোটারদের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন। সোমবার রাতে আওয়ামী লীগের প্রার্থীর ভাড়াটে সন্ত্রাসীরা তাঁর (সফিকুজ্জামান) সমর্থকদের ওপর হামলা চালিয়ে ২৫ জনকে আহত করেছেন।
আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন কবির গতকাল বিকেলে বলেন, ‘আমার ভাই অসুস্থ, তাই তিনি হেলিকপ্টারে করে এসেছেন। এ জন্য আমি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের অনুমতি নিয়েছি। তবে আমি ওখানে ছিলাম না।’ সেখানে তাঁর (হুমায়ুন) পক্ষে জনসভার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তা জানি না।’ আগের দিন মাইকিং করা প্রসঙ্গে বলেন, ‘আমি সেটা করিনি। যদি কেউ আমার পক্ষ হয়ে করে থাকে, তবে সেটা আমার অজান্তে হয়েছে।’
নলটোনা ও বালিয়াতলী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন বলেন, ‘হেলিকপ্টারে আসার ব্যাপারে আমার কাছ থেকে কেউ অনুমতি নেয়নি। আর জনসভার বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি।’
জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, ‘হেলিকপ্টারে এসে জনসভা করে থাকলে—এটা আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’