হেলিকপ্টারে করে আনা মনোনয়নপত্রই টিকল আপিল করবেন অন্যজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে গতকাল শনিবার বরগুনায় দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তাঁরা হলেন বেতাগীতে বর্তমান মেয়র আলতাফ হোসেন বিশ্বাস ও বরগুনা সদরে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবদুল জলিল হাওলাদার।
মেয়র আলতাফ হোসেন বিশ্বাস গতকাল বিকেলে অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গত বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় আমি নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিই। কিন্তু ওই দিন বেলা দুইটায় বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর হেলিকপ্টারে করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের পক্ষে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত অপর একটি প্রত্যয়নপত্র নিয়ে বেতাগী আসেন। এরপর বেলা তিনটার দিকে আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবির মনোনয়নপত্র দাখিল করেন। যার ফলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। শুক্রবার এ বিষয়ে আমি বেতাগী থানায় একটি সাধারণ ডায়েরি করার জন্য গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা আমার কোনো বক্তব্য না শুনেই সরাসরি আমার মনোনয়নপত্র বাতিল করে নাগরিক অধিকার হরণ করেছেন। একটি অশুভ শক্তি অন্যায়ভাবে রিটার্নিং কর্মকর্তার ওপর চাপ প্রয়োগ করে মনোনয়নপত্র বাতিল করতে বাধ্য করেছে।’ তিনি বলেন, এর বিরুদ্ধে তিনি আপিল করবেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত একাধিক প্রার্থী হওয়ায় বেতাগীতে বর্তমান মেয়র আলতাফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। আর ঋণখেলাপি হওয়ায় সদরের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জলিল হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়।
বেতাগী উপজেলা রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আলতাফ হোসেন ও বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবির একই দল থেকে মনোনয়নপত্র জমা দেওয়ায় আলতাফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বেতাগীর বর্তমান পৌর মেয়র আলতাফ হোসেনকে দলীয় মনোনয়ন দেয়। পরে অন্য মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবিরের সমর্থকেরা এর প্রতিবাদে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি দিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড গত বৃহস্পতিবার আলতাফ হোসেনের মনোনয়ন বাতিল করে এ বি এম গোলাম কবিরকে দলীয় মনোনয়ন দেয়।
রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করে বলেন, দলীয় প্রার্থী হিসেবে একই দলের দুজন প্রার্থী রাখার বিধান নেই বলেই আইনগতভাবে আলতাফ হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে।