হেলিকপ্টারে চড়ে এলেন বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আছাদনগরে গতকাল রোববার মো. আনিসুর রহমান নামের এক বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। এ সময় আনিসুরের সঙ্গে তাঁর চারজন আত্মীয় ছিলেন। পরে উৎসুক কয়েক শ গ্রামবাসী ওই হেলিকপ্টার ও
বর দেখতে সেখানে ভিড় করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কিছুদিন আগেই উপজেলার বাখরনগর গ্রামের আবদুর রউফের ছেলে পোশাক তৈরি কারখানার মালিক আনিসুর রহমানের সঙ্গে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাদিরের মেয়ে লামিয়া সুলতানার বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাঁদের বিয়ের তারিখ ছিল গতকাল। গতকাল বেলা পৌনে দুইটার দিকে ভাড়া করা হেলিকপ্টারে করে আনিসুর চারজন আত্মীয় নিয়ে মেয়ের বাড়ি আছাদনগর গ্রামের বাজারের মাঠে নামেন। কিছুক্ষণের মধ্যেই এলাকার কয়েক শ লোক বরযাত্রী ও হেলিকপ্টার দেখতে ভিড় করেন।
আবদুল কাদির বলেন, তাঁর মেয়ে লামিয়া ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী। এ বিয়েতে সব মিলিয়ে বরপক্ষের প্রায় ৫০০ লোক এসেছে। এ ছাড়া তিনি এলাকার কয়েক শ গণ্যমান্য ব্যক্তিকে এ বিয়েতে দাওয়াত করেছেন। বিয়ে শেষে হেলিকপ্টারে করে তাঁর মেয়েকে বাখরনগরের গ্রামের বাড়িতে নিয়ে গেছেন আনিসুর।
এ ব্যাপারে আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। এখন তাঁর খুব আনন্দ লাগছে।