হেলিকপ্টারে চাল গেল, পাঠানো হবে আজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচির দুর্গম এলাকায় মৌসুমি খাদ্যঘাটতিতে পড়া জুমচাষিদের জন্য গতকাল রোববার হেলিকপ্টারে করে চাল পাঠানো হয়েছে। আজ সোমবারও সেখানে চাল পাঠানো হবে বলে জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
থানচির তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের দুর্গম এলাকায় জুমচািষরা খাদ্যঘাটতিতে পড়েছেন। সেখানকার জনপ্রতিনিধিরা বলছেন, জুমচাষি পরিবারগুলো এখন ছয় মাসের বেশি জুমের ধান পান না। প্রায় প্রতিবছর মে থেকে আগস্ট মাস পর্যন্ত তাঁরা কমবেশি খাদ্যাভাবে পড়েন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন গতকাল বিকেলে বলেন, তিন্দু ইউনিয়নের দলিয়ন বম পাড়ায় গতকাল তিন টন ৮০০ কেজি চাল পাঠানো হয়েছে। দুই ইউনিয়নে গতকাল মোট আট টন চাল পাঠানোর কথা ছিল। কিন্তু হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বাকি চাল পাঠানো যায়নি। সোমবার (আজ) আবার দুর্গম এলাকায় চাল পাঠানো হবে। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে ৪৬ টন চাল বিতরণ করা সম্ভব হলে জুমচািষদের আর কোনো খাদ্যঘাটতি থাকবে না।
রেমাক্রি ইউনিয়নের বড়মদক বাজার পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) মংচউ মারমা বলেন, ইউনিয়নের বিভিন্ন বাজারে চাল পাওয়া গেলেও বেশির ভাগ জুমচাষির হাতে টাকা না থাকায় তাঁরা চাল কিনতে পারছেন না। আবার টাকা থাকলেও যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ হওয়ায় বাজারে এসে অনেকের পক্ষে চাল কেনা সম্ভব নয়। মূলত এই সময়টায় কাজ না থাকায় তাঁরা খাদ্যঘাটতিতে পড়েন।