হেলিকপ্টারে ঢুকল পাখি, জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের বাজিতপুরের মীরারকান্দি বোর্ডবাজার এলাকায় অবতরণ করা হেলিকপ্টারটি দেখতে মানুষের ভিড়। গতকাল দুপুরের ছবি l প্রথম আলো
কিশোরগঞ্জের বাজিতপুরের মীরারকান্দি বোর্ডবাজার এলাকায় অবতরণ করা হেলিকপ্টারটি দেখতে মানুষের ভিড়। গতকাল দুপুরের ছবি l প্রথম আলো

উড্ডয়ন অবস্থায় জানালার কাচ ভেঙে পাখি ঢুকে পড়ায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পাঁচ বিদেশি নাগরিকসহ সাত যাত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পিরিজপুর ইউনিয়নের মীরারকান্দি বোর্ডবাজার এলাকায় হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় এটি একনজর দেখার জন্য এলাকার কয়েক শ মানুষ ভিড় করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল বেসরকারি কোম্পানি মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার ঢাকা থেকে ডেনমার্কের দুজন, কোরিয়ার দুজন, ইতালির এক নাগরিকসহ সাতজনকে নিয়ে সিলেট যাচ্ছিল। দুপুর ১২টার দিকে হেলিকপ্টারের সামনের জানালার কাচ ভেঙে ভেতরে একটি পাখি ঢুকে পড়ে। এ অবস্থায় পাইলট মীরারকান্দি এলাকায় একটি মাঠে হেলিকপ্টারটি অবতরণ করান। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে আসা একই কোম্পানির অপর দুটি হেলিকপ্টার পাঁচ বিদেশিকে নিয়ে ঢাকায় ফিরে যায়। পরে জরুরি অবতরণ করা হেলিকপ্টারটিও ঢাকায় ফেরে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, বেঙ্গল ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দিতে ওই বিদেশিরা সিলেট যাচ্ছিলেন। পরে ঢাকা থেকে হেলিকপ্টার এসে তাঁদের নিয়ে যায়।