বান্দরবানের থানচির দুর্গম এলাকায় বসবাসরত জুমচাষিদের মৌসুমি খাদ্যঘাটতি মোকাবিলায় হেলিকপ্টারের মাধ্যমে চাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। দুর্গম ব্যবস্থা ভালো না হওয়ায় জরুরি ভিত্তিতে খাদ্য-সহায়তা পাঠাতে এই উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। আজ রোববার সেখানে চাল পাঠানোর কথা রয়েছে।
বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, জেলার কোথাও খাদ্যাভাব নেই। প্রাকৃতিক কারণে জুমচাষের ফলন ভালো না হওয়ায় জুমচাষিদের যে খাদ্যঘাটতি দেখা দিয়েছে, সেটি পূরণের জন্য খাদ্যশস্য পাঠানো হচ্ছে। তিনি বলেন, এ পর্যন্ত ৪৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে আরও ১০০ টন চাল বরাদ্দ এসেছে। খাদ্যঘাটতিতে পড়া জুমচাষিদের আগামী সেপ্টেম্বর পর্যন্ত খাদ্যশস্য সরবরাহ করা হবে।
থানচি উপজেলার জনপ্রতিনিধিরা বলেছেন, দুর্গম এলাকার জুমচাষিদের খাদ্যাভাবটি অনেকটা উত্তরবঙ্গের কার্তিকের মঙ্গার (এখন আর সেখানে মঙ্গা নেই) মতোই মৌসুমি খাদ্যাভাব। দরিদ্র জুমচাষিরা প্রতিবছরের মে থেকে আগস্ট মাসে কমবেশি খাদ্য-সংকটে পড়েন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বলেন, কোনো পরিবহনব্যবস্থা না থাকা তিন্দু ইউনিয়নের জিন্নাহপাড়া, দলিয়ন বমপাড়া ও রেমাক্রি ইউনিয়নে বড়মদ এলাকায় আজ সকাল ১০টায় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ১০ টন চাল পাঠানো হবে। সাঙ্গু নদের তীরের কাছাকাছি এলাকায় বসবাসকারী জুমচাষিদের জন্য নৌকায় করে ১২ টন চালও পাঠানো হবে। তিনি বলেন, মূলত উপজেলার রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের জুমচাষিদের খাদ্যঘাটতি দেখা দিয়েছে। থানচি সদর ও বলীপাড়া ইউনিয়নের কিছু পরিবারে অভাব রয়েছে। সেখানেও আট টন চাল বিতরণ করা হবে। খাদ্যঘাটতিতে পড়া ২ হাজার ৩০০ পরিবারকে তালিকা করা হয়েছে। রেমাক্রি ও তিন্দু ইউনিয়নে এর আগে ১৬ টন চাল বিতরণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ওই দুই ইউনিয়নের জনসংখ্যা প্রায় ১৬ হাজার।
তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু মারমা বলেন, খাদ্যাভাব বলা হলেও বাজারে পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। কিন্তু যোগাযোগের বিচ্ছিন্নতার কারণে দুর্গম এলাকাগুলোতে কর্মসংস্থান নেই এবং কর্মসংস্থান না থাকায় মানুষের ক্রয়ক্ষমতাও নেই। তিনি বলেন, ভরা বর্ষায় উপজেলা সদরের সঙ্গে দুর্গম এলাকায় হাঁটাচলার যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তাই বর্ষা শুরুর আগে কিছু কর্মসূচি নিয়ে দুর্গম এলাকায় চালের মজুত ও কাছাকাছি বাজারগুলোতে সরবরাহ বাড়ানো দরকার।
রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইসুইথোয়াই মারমা বলেন, জুমচাষে উৎপাদন কমে গেছে। এ জন্য জুমচাষি পরিবারগুলো চার থেকে ছয় মাসের বেশি জুমের ধান পান না। এ কারণে প্রায় প্রতিবছর মে থেকে আগস্টে জুমের ফলন না পাওয়া পর্যন্ত তাঁরা কমবেশি খাদ্যাভাবে পড়েন। এই মৌসুমি সমস্যার স্থায়ী সমাধান করতে হলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জুমচাষের পাশাপাশি আয়ের বিকল্প উপায় খুঁজে বের করা দরকার।