হেলিকপ্টারে বরযাত্রা!
হেলিকপ্টারে চড়ে কনের বাড়িতে গিয়ে বিয়ে করার সাধ ছিল মাজেদ মোল্লার। কিন্তু টাকার অভাবে তাঁর সেই শখ পূরণ হয়নি। কিন্তু তাতে কী? ছোট ভাইয়ের বিয়েতে হেলিকপ্টার ভাড়া করে সেই শখ পূরণ করলেন মাজেদ মোল্লা। জাঁকজমকপূর্ণ এই বিয়ের অনুষ্ঠান ঘিরে গতকাল বুধবার মানিকগঞ্জের বরুন্ডি ও নবাবগঞ্জের বড় কাশুল্লা গ্রামে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের।মানিকগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম বরুন্ডি। সেই গ্রামের দরিদ্র গাফ্ফার মোল্লার বড় ছেলে মাজেদ মোল্লা। ঋণ করে ১৭ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে চাকরি করে পরিবারের আর্থিক দৈন্যতা ঘোচান মাজেদ মোল্লা।মাজেদ মোল্লার ভাই আক্কাস মোল্লা চাকরি করেন ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া উচ্চবিদ্যালয়ে। সম্প্রতি মাজেদ মোল্লা দেশে ফিরে ভাই আক্কাসকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেন। টাকার অভাবে নিজের যে সাধ পূর্ণ করতে পারেননি, ভাইয়ের বিয়েতে সেই শখ পূরণের সিদ্ধান্ত নেন তিনি। বরযাত্রার জন্য এক লাখ ৭০ হাজার টাকায় চার ঘণ্টার জন্য একটি হেলিকপ্টার ভাড়া করেন মাজেদ মোল্লা। গতকাল বিকেল তিনটার দিকে বর আক্কাস মোল্লা বরযাত্রীদের নিয়ে উপস্থিত হন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে উড়ে সোয়া তিনটায় কনের বাড়িতে গিয়ে নামেন। কনে সুপ্রিয়া আজিজের বাড়ি নবাবগঞ্জের বড় কাশুল্লা গ্রামে। এ সময় শত শত মানুষ হেলিকপ্টারে বর আগমনের দৃশ্য দেখার জন্য উপস্থিত হন কনের বাড়িতে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সোয়া পাঁচটার দিকে হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন আক্কাস মোল্লা। বিকেল সাড়ে পাঁচটায় নববধূকে নিয়ে বরুন্ডি খেলার মাঠে অবতরণ করেন। সেখানে নবদম্পতিকে দেখার জন্য শত শত লোক ছুটে আসে।মাজেদ মোল্লা বলেন, ‘আমার ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ে গিয়ে বিয়ে করার। কিন্তু অর্থের অভাবে আমার সেই ইচ্ছা পূরণ হয়নি। তাই পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে আসার পর সিদ্ধান্ত নিই, ভাইয়ের বিয়েতে নিজের সেই শখ পূরণ করব।’ মাজেদ আরও জানান, ভাইয়ের বিয়ের বৌভাতে এক হাজারেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু কোনো উপহার না আনার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আক্কাস মোল্লা বলেন, ‘আমি ভাবতেও পারিনি হেলিকপ্টারে করে বিয়ে করতে যাব। ভাইয়ের কারণেই তা সম্ভব হলো। আমি এ জন্য গর্বিত।’