হেলিকপ্টারে বিয়ে
হুমায়ুন আহমেদের শখ ছিল হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে যাওয়া। সেই শখ তিনি পূরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার হেলিকপ্টারে উড়ে বিয়ে করতে যান তিনি। বিয়ে শেষে নববধূ নিয়ে বাড়ি ফেরেন হেলিকপ্টারেই। ঢাকার আশুলিয়া থানার তৈয়বপুর গ্রামের সিরাজুল ইসলামের একমাত্র ছেলে হুমায়ুন আহমেদ। পেশায় ব্যবসায়ী। আর কনে মানিকগঞ্জ সদর উপজেলার চরগড়পাড়া গ্রামের প্রবাসী জাহিদ হোসেনের মেয়ে সুমি আক্তার। গতকাল এ বিয়ে ঘিরে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয় বর ও কনের এলাকায়।বরের আত্মীয়রা জানান, ঘণ্টায় ৪০ হাজার টাকা ভাড়ায় একটি হেলিকপ্টার ভাড়া করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে বরকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে হেলিকপ্টারটি। হেলিকপ্টারের শব্দ শুনেই শত শত লোক ছুটে আসে সেখানে। হেলিকপ্টার থেকে নেমে বর হুমায়ুন আহমেদ গাড়িতে করে কনের বাড়ি যান। বিয়ে শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে বর ও নববধূ নিয়ে হেলিকপ্টার ফিরে আসে তৈয়বপুর গ্রামে।নববধূ সুমি আক্তার বলেন, ‘কোনো দিন কল্পনাই করিনি বিয়ের পর স্বামীর সঙ্গে হেলিকপ্টারে চেপে শ্বশুরবাড়ি যাব।’