পুরান ঢাকার সিদ্দিকবাজারে ফাটল সৃষ্টি হয়ে চারতলা একটি ভবন হেলে পড়েছে। এতে পাশের একতলা একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।ঝুঁকির মুখে পড়েছে সাততলা একটি ভবনও। হেলে পড়া চারতলা ভবনটি অনুমোদন ছাড়াই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে।
ভবনটি ৯৯ সিদ্দিকবাজারে অবস্থিত। ভবনের মালিকের মো. ওয়ালিদ পেশায় ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ভবনটি প্রায় হেলে পাশের একতলা (১০০ নম্বর) বাড়িটির প্রায় গায়ে লেগে যায়। এর আগে ভবনে ফাটলের সৃষ্টি হয় এবং কিছু ইট-সুরকি খসে পড়তে থাকে। পরে চারতলা ও একতলার আতঙ্কিত বাসিন্দারা পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের সদর দপ্তরে খরব দেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে রাত তিনটার দিকে বাড়ির লোকজনকে সরিয়ে নেন। সকালে পুলিশ ও রাজউক কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
বাড়িটির একতলায় এবং ছাদে বেশ কয়েকটি ফাটল দেখা দেয়। রাজউক চারতলা ভবনের ফ্ল্যাটগুলোর দরজায় সিলগালা করে দেয়। ঘটনাস্থলে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ভবনটি রাজউকের কোনো নকশা ছাড়াই গড়ে তোলা হয়েছে। ভোররাতে এক থেকে দেড় ফুট হেলে পড়েছে। আপাতত ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বাড়ির মালিককে ঘটনাস্থলে বা আশপাশের এলাকায় দেখা যায়নি। খুঁজে না পাওয়ায় রাজউক কর্মকর্তারাও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি।
বাড়ির একজন বাসিন্দা মো. জিয়াউদ্দিন জানান, বাড়িটিতে চারটি পরিবার থাকত। রাত আড়াইটার দিকে ভবনটি হেলে পড়লে আতঙ্কিত বাসিন্দারা চিৎকার শুরু করেন। পরে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হলে তাঁরা রাতের বাকি সময় রাস্তাতেই অবস্থান করেন। ওই ভবন ছাড়াও পার্শ্ববর্তী একতলা এবং সাততলা ভবনের বাসিন্দারাও আতঙ্কে আছেন। রাজউকের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম আরও জানান, এই ভবনের পাশে থাকা সাততলা ভবনটিও ঝুঁকিপূর্ণ।
এদিকে হেলে পড়া ভবনটির পেছনে টিনের বাড়িতে কয়েকটি পরিবার বাস করে। ভবনটি হেলে পড়ায় সেখান থেকে তাদের চলে যেতে বলা হলেও তারা ক্ষতিপূরণ না পেয়ে কোথাও যাবে না বলে রাজউক ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের জানিয়েছে। এলাকার বয়োজ্যেষ্ঠ আবদুর রব প্রথম আলোকে বলেন, পরিবারগুলো এতই দরিদ্র যে নিয়মিত ভাড়াও দিতে পারে না। এখান থেকে তাদের সরানো হলে রাস্তায় থাকতে হবে।
ওই বাসিন্দাদের আপাতত সময় দেওয়া হচ্ছে বলে রাজউক কর্মকর্তারা জানিয়েছেন। আর ম্যাজিস্ট্রেট বলেন, বাড়ি ভাঙার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।