হেলে পড়েছে চারতলা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে চারতলা একটি ভবন হেলে পড়েছে। গতকাল বুধবার দুপুরে হিলির শান্তির মোড় এলাকার ওই ভবনটি কিছুটা হেলে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে ওই ভবন ও পাশের ভবনে বসবাসরত লোকজনকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ভবনের তৃতীয় তলায় মেঝের টাইলসে ফাটল দেখা দেওয়ায় ভবনের ভাড়াটেরা ভবন ছাড়তে শুরু করেছেন।

ভবনের তৃতীয় তলায় থাকা উপজেলা একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, গতকাল দুপুরে হঠাৎ করে ভবনটি কিছুটা পাশের ভবনের দিকে হেলে যায়। ঘরের মেঝের টাইলসগুলো ফেটে যায়।

বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের উপসহকারী পরিচালক নুর হাসান ভবনটি পরিদর্শন করেন। এ সময় তিনি ভবনে বসবাসরত এবং পাশের ভবনের সবাইকে নিরাপদে অন্যত্র সরে যাওয়ার জন্য বলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান তিনি।

হাকিমপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, ভবন হেলে পড়ার বিষয়টি জানতে পেরে সরেজমিন গিয়ে ভবনটি পরিদর্শন করা হয়। ভবন হেলে পড়ার সঙ্গে এর কলাম ফেটে গেছে। পৌরসভার পক্ষ থেকে দ্রুত ভবনটি ভেঙে অপসারণ করার জন্য ভবন মালিককে নোটিশ দেওয়া হয়েছে।

ভবনের মালিকের ছেলে মো. কনক বলেন, এ বিষয়ে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।