হেলে পড়া একটি ভবন ফাঁকা করা হয়েছে
ভূমিকম্পে চট্টগ্রাম নগরে হেলে পড়া একটি ভবন থেকে সব লোকজনকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে। বাকি আটটি ভবন থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাতে নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ৮ নম্বর সড়কের ছয়তলা ভবন থেকে ১০টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, গতকালের ভূমিকম্পে বাড়িটি প্রায় এক ফুট কাত হয়ে গেছে। ভবন থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে।
নগরে হেলে পড়া বাকি আটটি ভবন থেকেও লোকজনকে নিরাপদে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ। এই ভবনগুলো হালিশহর আবাসিক এলাকা, লাভলেইন, জুবিলী রোড, সাগরিকা, রহমতগঞ্জ, জিইসি, মোমিন রোড ও ঝাউতলা এলাকায় অবস্থিত।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর এলাকার আওতাধীন হেলে পড়া ছয়টি ভবন থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে সিডিএর প্রতি অনুরোধ জানিয়েছেন।
গতকাল রাত ৭টা ৫৫ মিনিটের দিকে ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সারা দেশে মৃদু থেকে মাঝারি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে চট্টগ্রাম শহরে নয়টি ও ফেনীতে একটি ভবন হেলে পড়ে। চট্টগ্রামে আতঙ্কে হুড়োহুড়িতে অন্তত ৫০ জন আহত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার থেকে খুব কাছাকাছি হওয়ায় চট্টগ্রামে ঝাঁকুনির মাত্রা ছিল তীব্র। ভূমিকম্পে ঢাকা, সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি স্থানে অন্তত ৪৫ জন আহত হয়।