হেলে পড়া ভবন তেমনই আছে মালিক যাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানে হেলে পড়া নির্মাণাধীণ ভবনটি গত দুই দিনেও সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। জানা গেছে, ভবনটি নির্মাণে রাজউকের কোনো অনুমোদন নেওয়া হয়নি এবং এর কোনো যথাযথ ভিত ছিল না। ঘটনার পর থেকে এ পর্যন্ত ভবনের মালিক সেখানে যাননি।দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকার ওই ভবনটি গত মঙ্গলবার রাতে বিকট শব্দ করে হেলে পড়ে। গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শ খানেক লোক হেলে পড়া ভবনটি দেখতে এসেছে। খুঁটি ভেঙে গিয়ে এটি এক দিকে পুরো কাত হয়ে পড়ে আছে। যথাযথ ভিত ছাড়াই একটি ডোবার মধ্যে কয়েকটি পিলারের মধ্যে ভবনটি তোলা হয়েছিল।হেলে পড়া ভবনের পাশের বাড়ির বাসিন্দা রফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, মিজানুর রহমান নামের এক ব্যক্তি আড়াই থেকে তিন মাস আগে দেড় কাঠা জমিতে তিনতলা ভবনটির নির্মাণ শুরু করেন। মিজানুর রহমান রাজধানীর মহাখালীতে থাকেন। প্রতিবেশী রফিকুর বলেন, ঘটনার পর তিনি এখানে আসেননি।পাশের মুদি দোকানি আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, মিজানুর রহমান অসুস্থ থাকায় তিনি খবর শুনেও আসতে পারেননি। নাম প্রকাশ না করতে চাওয়া স্থানীয় এক প্রবীণ জানান, বাড়িটি সৌদি আরব-প্রবাসী মিলন রহমানের বাড়ির ওপর হেলে পড়েছে। এতে ওই বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মিলনের স্ত্রী-সন্তানেরা ভয় পেয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, রাজউকের অনুমোদনবিহীন ভবনের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, দক্ষিণখান এলাকার ৫৬ নম্বর প্লটের মালিক নজরুল ইসলামকে নোটিশ দেওয়া হয়েছিল। শর্ত না পূরণ করায় তাঁর ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।