হেলে পড়া ভবন থেকে মালামাল সরানোর সুযোগের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে হেলে পড়ার শঙ্কায় সিলগালা করে দেওয়া ভবনটির বাসিন্দারা মালামাল সরিয়ে নেওয়ার সুযোগের দাবিতে মিছিল করেছেন। 

আজ সোমবার বিকেল চারটার পরে ওই ভবনটির সামনে থেকে মিছিল নিয়ে বাসিন্দারা মাদ্রাসা রোডের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সামনে যান। তাঁরা ওয়ার্ড কাউন্সিলের সহায়তা চান।
ভবনটির চতুর্থ তলার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘রাজউকের লোকজন আমাদের মালামাল সরানোর সুযোগ দেয়নি। তিন দিন ধরে আমরা এক কাপড়ে আছি। আত্মীয়ের বাসায় থাকছি। এভাবে কত দিন থাকব?’ তৃতীয় তলার বাসিন্দা মনিরুল ইসলামের অভিযোগ, তাদের এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। চারতলার আরেক বাসিন্দা তাসলিমা বেগম বলেন, গতকাল রোববার রাত ১২টার দিকে ওই ভবনে বাসার ভেতর লোক দেখতে পেয়েছেন। তাঁর সন্দেহ, চোর ঢুকেছে বাসায়। ভবনটির সামনে প্রহরারত পুলিশ সদস্যদের বিষয়টি জানালেও পুলিশ সদস্যরা কোনো পদক্ষেপ নেননি।
এ ব্যাপারে রাজউকের অথরাইজড অফিসার আশরাফুল ইসলাম বলেন, ভবনটির বাসিন্দাদের ঘটনার দিন রাত নয়টা পর্যন্ত মালামাল মালামাল সরানোর সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় তাঁরা মালামাল সরাননি। যেহেতু ভবনটি সিলগালা করা হয়েছে, তা​ই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দলের কাছ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ভবন খুলে দেওয়া যাবে না।
বুয়েটের পরীক্ষার ব্যাপারে আশরাফুল ইসলাম বলেন, ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বুয়েটের ব্যুরো অব রিসার্চ অ্যান্ড টেস্টিং শাখায় গতকাল রোববার সকালে আবেদন করা হয়েছে। আজ বুয়েটের দলের আসার কথা ছিল, কিন্তু আসেনি। পরীক্ষা-নিরীক্ষার খরচ বাবদ ন্যূনতম একটি ফি দেওয়ার কথা রয়েছে ভবন মালিকের। যত দূর জানি তারা সেটি দেয়নি। আজ ওই ফি দিলে কাল বুয়েটের দলটি পরীক্ষার জন্য আসবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ভবনটির মালিকের পুত্রবধূ আঞ্জুমান আরা মোবাইলে প্রথম আলোকে বলেন, তাঁর পরিবারের দুজন বিষয়টি দেখছেন। তিনি যত দূর জানেন, আজ-কালের মধ্যে ফি জমা দেওয়া হবে।
এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন। স্থানীয় কাউন্সিলর নুরুল ইসলাম রতন বলেন, পুরো বিষয়টি এখন রাজউকের ব্যাপার। রাজউক সিলগালা করেছে। তারা খুলে না দেওয়া পর্যন্ত ভবন খোলার সাধ্য তাঁর নাই। ভবন খোলার পর দেখা যাবে চুরি হয়েছে কি-না। তিনি বলেন, ওই ভবনটির বাসিন্দাদের মোহাম্মদপুর আইডিয়াল স্কুলের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কেন তারা ওখান থেকে বের হয়ে এসে মিছিল করছেন সেটা তিনি বুঝতে পারছেন না। তিনি আশ্বাস দিয়েছেন মালামাল চুরি হয়ে থাকলে ব্যাপারটি তিনি দেখবেন।
সিলগালা করার পরে ভবনটিতে মোট ১২ জন পুলিশ দুই ভাগে ভাগ হয়ে ২৪ ঘণ্টা প্রহরায় রয়েছেন। বাসিন্দাদের অভিযোগ সম্পর্কে কথা বলতে গেলে ওখানে কর্মকর্তা পর্যায়ের কাউকে পাওয়া যায়নি। তবে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, তারা কোনো ধরনের বাইরের লোক ঢুকতে দিচ্ছেন না। রাতে ভেতরে কাউকে দেখেননি।