হেলে পড়া ভবন পরিদর্শন করল বিশেষজ্ঞ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আতুরার ডিপোর মিরপুর এলাকার একটি ভবনের ফাটল পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞ দল। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের আতুরার ডিপোর মিরপুর এলাকার একটি ভবনের ফাটল পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞ দল। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম নগরে ভূমিকম্পে হেলে পড়া ভবনগুলো পরিদর্শনের কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষজ্ঞ কমিটি। আজ সোমবার বিকেলে কমিটি তিনটি ভবন পরিদর্শন করেছে। তবে এগুলোর বর্তমান অবস্থা নিয়ে কমিটি কোনো মন্তব্য করেনি।
সিডিএর বিশেষজ্ঞ কমিটিতে চেয়ারম্যান হিসেবে আছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী উপাচার্য ও ভূমিকম্প বিশেষজ্ঞ জাহাঙ্গীর আলম। সদস্যরা হচ্ছেন একই বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প প্রকৌশল গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও পুরকৌশল বিভাগের প্রধান আবদুর রহমান ভূঁইয়া, সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) শাহীন উল ইসলাম খান এবং দুই অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম ও মোহাম্মদ ইলিয়াছ।
সিডিএর বিশেষজ্ঞ কমিটির সদস্যা নগরের চান্দগাঁও আবাসিক এলাকা, আতুরার ডিপোর মীর পাড়া ও ওয়াসা মোড় এলাকায় হেলে পড়া ভবন পরিদর্শন করেন। তাঁরা ভবনগুলোর বিভিন্ন কক্ষ ও ছাদ ঘুরে দেখেন। এ ছাড়া ভবনের বিভিন্ন দিকও পর্যবেক্ষণ করেন। এই সময় ভবন মালিকপক্ষের লোকজন ও ভাড়াটেদের সঙ্গে কথা বলেন তাঁরা।
গত বুধবার রাতের ভূমিকম্পে চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় একটি, নিউমার্কেট এলাকায় দুটি, এনায়েতবাজারে একটি, হালিশহর আবাসিক এলাকায় একটি, ওয়াসা মোড়ে একটি, ঝাউতলায় একটি, জিইসি মোড়ে একটি ও রহমতগঞ্জ এলাকায় একটি ভবন হেলে পড়ে। এ নয়টি ভবনের মধ্যে আবাসিক তিনটি, বাণিজ্যিক পাঁচটি ও একটি ভবনে কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এই নয়টির বাইরে নগরের আতুরার ডিপোর মীর পাড়ায় একটি ভবন হেলে পড়েছে বলে সিডিএ জানায়। বিশেষজ্ঞ কমিটি আজ বিকেলে এই এলাকায় পাশাপাশি লেগে যাওয়া আয়শা টাওয়ার ও ইনতিহাজ টাওয়ার পরিদর্শন করে।
কমিটির সদস্যরা আজ বিকেল সাড়ে চারটায় প্রথমে নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকে হেলে পড়া শিরিন নিকেতন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘ভবনটিতে মেজর কোনো ক্র্যাক (বড় ধরনের ফাটল) দেখা যায়নি। তবে এক পাশে ঢালু হয়ে গেছে। এটি কেন হলো তা খুঁজে বের করা হবে।’
জাহাঙ্গীর আলম বলেন, কমিটি প্রতিটি হেলে পড়া ভবন পরিদর্শন করবে। ভবনগুলোর ইতিহাস, মৃত্তিকা পরীক্ষার প্রতিবেদন (সয়েল টেস্ট রিপোর্ট), নকশাসহ যাবতীয় কাগজ পর্যালোচনা করে মঙ্গল কিংবা বুধবারের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দেওয়া হবে; যা পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে। হেলে পড়া ভবনগুলোতে বাসিন্দারা অবস্থান করতে পারবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তাও কাল-পরশুর (মঙ্গল বা বুধবার) মধ্যে বলতে পারব।’
এদিকে শিরিন নিকেতনের চতুর্থ তলার ভাড়াটে প্রবাসী সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই ভবনে থাকা নিরাপদ নয়। তাই অন্য এলাকায় নতুন বাসা নিয়েছি। কয়েক দিনের মধ্যে এ বাসা ছেড়ে দেব।’
শিরিন নিকেতনের মালিক প্রবাসী নুরুল আজিমের শ্যালক মহিউদ্দিন বলেন, ‘ভবনটি আগে থেকেই হেলে ছিল। কেন এ অবস্থার সৃষ্টি হয়েছে তা বলতে পারছি না। এখন বিশেষজ্ঞরা আসছেন। তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে হয়তো মূল কারণ বলতে পারবেন।’
অন্যদিকে মীর পাড়ার ইনতিহাজ টাওয়ারের মালিক নূর মোহাম্মদ ভবন হেলে পড়ার বিষয়টি অস্বীকার করেছেন।