হেলে পড়া ভবন পরিদর্শন শেষ করেছে বিশেষজ্ঞ কমিটি
ভূমিকম্পে হেলে পড়া ভবনগুলোর পরিদর্শনকাজ শেষ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষজ্ঞ কমিটি। কমিটির সদস্যরা আজ মঙ্গলবার বিকেলে নগরের পাঁচটি এলাকায় হেলে পড়া ভবন ও পাশের ভবনগুলো ঘুরে দেখেন। তবে এ-সংক্রান্ত প্রতিবেদন দিতে কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
আজ বিকেল সোয়া তিনটার দিকে কমিটির সদস্যরা নগরের ওয়াসা মোড়ের নয়তলাবিশিষ্ট মীম হাসনাত টাওয়ার পরিদর্শন করেন। এ সময় তাঁরা ভবনের বিভিন্ন তলা ও ছাদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এরপর পাশের ছয়তলা আল-আমিন টাওয়ার পর্যবেক্ষণ করা হয়। কমিটির সদস্যদের ভবন দুটির বিভিন্ন অংশের ছবি তুলতে দেখা যায়। দুটি ভবনের ছয়তলা অংশে লেগে গেছে। এ সময় দুটি ভবনের কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গেও তাঁরা কথা বলেন। কমিটির সদস্যরা এরপর জিইসি মোড়, এনায়েত বাজার, নিউমার্কেট ও হালিশহর এলাকায় হেলে যাওয়া এবং পাশাপাশি লেগে থাকা ভবনগুলো পরিদর্শন করেন।
এর আগে গতকাল সোমবার বিকেলে নগরের চান্দগাঁও আবাসিক এলাকা ও আতুরার ডিপোর মীরপাড়া এলাকার তিনটি ভবন পরিদর্শন করে সিডিএর বিশেষজ্ঞ কমিটি।
সিডিএর বিশেষজ্ঞ কমিটির প্রধান এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ভূমিকম্পে চট্টগ্রাম নগরের হেলে পড়া ভবনগুলোর পরিদর্শনের কাজ শেষ হয়েছে। এখন এসব ভবনের ব্যাপারে প্রাথমিক প্রতিবেদন তৈরি করতে দুই থেকে তিন দিন সময় লাগবে। এই প্রতিবেদন সিডিএর মাধ্যমে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।
কমিটির অন্যতম সদস্য, ভূমিকম্প প্রকৌশল গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও চুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান মো. আবদুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘কোন ভবনের কী কী কাজ করতে হবে, তা নির্ধারণের জন্য আমরা বৃহস্পতিবার বৈঠকে বসব। ভবনগুলো অবকাঠামোগতভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিরূপণ করে প্রতিবেদন জমা দেওয়া হবে। কোনো ভবনের যদি কারিগরি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়, সেটিও করার সুপারিশ করা হবে।’