হেলে পড়া ভবনে এখনো ঝুঁকি নিয়ে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের গাজীপাড়ার কানু গাজীর মসজিদ রোডের পাশের হেলে পড়া সেই ভবনের অনুমোদনহীন অংশই (পঞ্চম তলা) শুধু ভাঙা হচ্ছে। পৌরসভার লিখিত নির্দেশ পাওয়ার পর ভবনের মালিক গত বৃহস্পতিবার বিকেল থেকে ভবনটি ভাঙা শুরু করেন। তবে ভবনের দ্বিতীয় তলায় তিনি এখনো পরিবারপরিজন নিয়ে বসবাস করছেন।অন্যদিকে ওই ভবনের পাশের পাঁচতলা ভবনটিও কিছুটা হেলে গেছে বলে পৌরসভার সংশ্লিষ্ট প্রকৌশলী সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁদের গতকাল শনিবার পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি। ভবনটিতে (ফাতেমা মঞ্জিল) বর্তমানে ১০-১২টি পরিবার বসবাস করছে। ওই ভবনের বাসিন্দা গৃহিণী ফয়জুন্নেছা গতকাল বিকেলে বলেন, ‘শুনেছি আমাদের ভবনটিও নাকি কিছুটা পাশের ভবনের দিকে হেলে গেছে। তাই ভয়ের মধ্যে আছি। চলতি মাসের ৯-১০ দিন চলে গেছে। এখন ইচ্ছা করলেও কোথাও বাসা ভাড়া পাব না। তাই বাধ্য হয়ে থাকছি।’নির্মাণাধীন হেলে পড়া ভবনের মালিক এ কে এম মোহাম্মদ উল্লা চৌধুরী বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই পৌরসভার নির্দেশ পেয়ে বর্ধিতাংশ ভেঙে ফেলছি।’ তিনি দাবি করেন, ‘আমার ভবনটি সামান্য একটু হেলেছে। পাশেরটিই বেশি হেলেছে। তাই আমার ভবনে পরিবার-পরিজন নিয়ে থাকতে আমার কোনো সমস্যা নেই।’পাশের পাঁচতলা ভবনের মালিক প্রবাসী বেলাল হোসেনের ছোট ভাই আবুল খায়ের দাবি করেন, ‘আমাদের ভবনটি মোটেও হেলেনি। এর পরও গত বুধবার পৌরসভার প্রকৌশলী বলেছেন, আমাদের ভবনও নাকি কিছুটা হেলে গেছে। আমাদের পৌরসভায় ভবনের নকশা ও অন্যান্য কাগজপত্র জমা দিতে বললে আমরা ওই দিনই দিয়ে দিই। তাঁরা যা সিদ্ধান্ত দেবেন আমরা তাই মেনে নেব।’ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নোয়াখালীর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ‘আমাদের লোকজন বুধবার রাতে ওই দুটি ভবনের বাসিন্দাদের ভবন ছেড়ে দেওয়ার জন্য বলে এসেছেন। পুলিশ দিয়ে পরদিন আবার বাসিন্দাদের একই অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তাঁরা কেউই বাসা ছাড়েননি।’পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুস সাত্তার জানান, একটি ভবন তো ইতিমধ্যেই হেলে পড়েছে। পাশেরটিও হেলে পড়েছে বলে তাঁদের সন্দেহ। সেই সন্দেহ থেকে তাঁদেরও সতর্ক করে নোটিশ দেওয়ার জন্য বৃহস্পতিবার ফাইল নোট দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যে ভবনটিতে বেশি সমস্যা মনে হয়েছে সেটির বর্ধিত অংশ ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছে।