হেলেদুলে চলে গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার বড়দরগা থেকে সাতদরগা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে। এসব খানাখন্দে হেলেদুলে চলে যানবাহন। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
এ সড়কের বড়দরগা, সুন্দর, কালীগঞ্জ, ব্রাহ্মণীকুন্ডা, অন্নদানগর, তালুক, কল্যাণী, ছাওলাসহ বেশ কয়েকটি এলাকা খানাখন্দে ভরা। উপজেলার অন্নদানগর ও ছাওলা ইউনিয়ের মধ্যে অবস্থিত এ সড়কের দৈর্ঘ্য ১০ কিলোমিটার। এই সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা, সাইকেল, মোটরসাইকেল, পিকআপ ও মাইক্রোবাস চলাচল করে থাকে। গত রোববার সরেজমিনে সকাল আটটার দিকে দেখা যায়, সড়কটির খানাখন্দ এড়াতে কিংবা খোয়া ওঠা অংশ দিয়ে এপাশ-ওপাশ হেলে-দুলে যানবাহন চলাচল করছে। যানবাহনগুলোর সঙ্গে দুলছে যাত্রীরাও। ব্যাটারিচালিত একটি অটোরিকশার যাত্রী রংপুর শহরমুখী রাবেয়া খাতুন বলেন, ‘এই পথে যাওয়া-আসা করলে গায়োত (শরীর) ব্যতা হয়। তাও ঠেলাত পড়িয়া যাওয়া লাগে।’
সুন্দর গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘রিকশাভ্যানোত করিয়া যে কোনো মালামাল হাটোত নিয়া যাইতে খরচ বেশি পড়ে।’
কালীগঞ্জ বাজারের প্রবেশমুখের রাস্তায় বড় বড় গর্ত। এর পাশ দিয়ে কোনোরকমে যানবাহন চলাচল করছে। এভাবে পুরো সড়কেই কখনো খানাখন্দ এড়িয়ে, কখনো খানাখন্দ পেরিয়ে চলাচল করছে যানবাহন।
অনন্দানগর ইউনিয়নের চেয়ারম্যান অনোয়ার হোসেন বলেন, এই সড়কটি প্রায় চার বছর ধরে ভাঙাচোরা। যেকোনো যানে চলাচল করলেই ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান নজির হোসেন বলেন, রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় সাংসদসহ উপজেলা দপ্তরে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশল বিভাগ সূত্র জানায়, সড়কটি দীর্ঘ চার বছর বেহাল অবস্থার মধ্যে আছে। এ ছাড়া উপজেলার ৭২৪ কিলোমিটারের মধ্যে ৫৮৬ কিলোমিটার একেবারেই কাঁচা। আর ১৩৭ কিলোমিটার পাকা সড়কের অর্ধেকেই পিচ উঠে চলার অনুপযোগী হয়ে গেছে।
উপজেলা প্রকৌশলী নূরুল ইসলাম কিছু সড়কের বেহাল অবস্থার কথা নিশ্চিত করে বলেন, স্থানীয় প্রকৌশল বিভাগে সড়ক সংস্কারের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছে।
স্থানীয় সাংসদ টিপু মুনশি বলেন, এ অর্থবছরেই খারাপ হওয়া সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।