সড়কে বড় বড় সব গর্ত। ভারী বর্ষণে সেসব গর্ত যেন জলাশয়ে রূপ নিয়েছে। কোনো রকমে ভারসাম্য রক্ষা করে হেলেদুলে চলছে গাড়ি। কাদায় আটকে কাত হয়ে রয়েছে বেশ কয়েকটি ট্রাক, যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশা।
গতকাল বুধবার এ দৃশ্য দেখা যায় সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। ৩৪ কিলোমিটার এ সড়কটির অন্তত ২৬ কিলোমিটার অংশ ভাঙাচোরা। গত তিন বছর সড়কটির এ বেহাল অবস্থা।
এলাকাবাসী বলেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে দেশের সর্ববৃহৎ পাথরকোয়ারি অবস্থিত। তাই এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার ট্রাকের পাশাপাশি যাত্রীবাহী গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ অসংখ্য যানবাহন চলাচল করে। উপজেলাবাসীকে এ সড়ক দিয়েই জেলা শহরে আসতে হয়। এক ঘণ্টার দূরত্বের এ সড়ক পাড়ি দিতে এখন তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। সড়কটি পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে হরতাল-অবরোধ-মানববন্ধনসহ নানা ধরনের কর্মসূচি পালন করেও ফল পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পুরো সড়কজুড়ে পানি ভরা বিশাল গর্ত আর এবড়োখেবড়ো সড়কে হুটহাট উল্টে যায় যানবাহন। জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ হওয়ায় তারপরও মানুষজন ঝুঁকি নিয়ে এ রাস্তায়ই চলছে। দেখে মনে হয়, এটি সড়ক নয়, চষা জমি।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মো. জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সড়কটি দিয়ে বয়স্ক ব্যক্তি কিংবা নারী-শিশু তো দূরের কথা, কোনো সুস্থ-সবল যুবকও জরুরি প্রয়োজন ছাড়া চলাচল করতে রাজি হন না। ঝাঁকুনি আর দুর্ভোগের হাত থেকে রেহাই পেতে কয়েক মাস ধরে উপজেলা সদর থেকে মানুষজন এখন নৌপথে জেলা শহরে যাতায়াত শুরু করেছে।’
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ঘুরে দেখা যায়, ধোপাগুল, ছালিয়া, সালুটিকর, তেলিখাল, লেচুখাল, কাটাখাল, বর্ণি, থানাবাজার, টুকেরবাজার, তৈমুরনগর, উপজেলা সদর ও ভোলাগঞ্জ এলাকা একরকম বিধ্বস্ত। পিচ ও খোয়া উঠে বিশাল গর্ত তৈরি হয়েছে। এসব গর্তের বাধা পার হয়ে চলছে ট্রাক, বাস ও সিএনজিচালিত অটোরিকশা। বেশ কিছু স্থানে অন্তত তিন থেকে চার হাত গভীর কাদার গর্ত দেখা দিয়েছে। এর মধ্যে অনেকটা হাবুডুবু খেয়ে পথ চলছে যানবাহন।
যাত্রীবাহী একটি বাসের সহকারী দুলাল মিয়া বলেন, এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহনগুলো কোনো রকমে এঁকেবেঁকে চালাতে হয়। বৃষ্টি হলে সড়ক কাদায় একাকার হয়ে যায়। আবার শুকনো মৌসুমে সারাক্ষণ ধুলায় আচ্ছন্ন থাকে।
অটোরিকশাচালক আওলাদ হোসেন বলেন, ‘বেশি টেকা না পাইলে অউ সড়ক অ টিফ মারতে রাজি হই না। ঝাঁকুনির ঠেলায় ইঞ্জিন-টিঞ্জিন নষ্ট অই যায়।’
সিএনজিচালিত অটোরিকশাচালক মোজাম্মেল হক বলেন, সড়কটি দিয়ে পথ চলতে গিয়ে গত এক মাসে ২০ দিন তাঁর গাড়ি বিকল হয়েছে। আগামী মাস থেকে তিনি এ সড়কে যান চালাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
ধোপাগুল এলাকার আনোয়ার হোসেন বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই শুনছি, সড়কটি পুনর্নির্মাণ হবে। কিন্তু কাজ শুরুর কোনো নাম নেই। কবে কাজ শুরু হবে, কে জানে?’
ভুক্তভোগী একাধিক লোক জানান, বেহাল অবস্থা দেখে ২০১৪ সালের ১৪ মে মাসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কটিকে ‘ক্যানসার আক্রান্ত’ বলে মন্তব্য করেছিলেন। এ সময় তিনি সড়কটির ‘চিকিৎসার জন্য’ জাতীয় মহাসড়ক প্রকল্পের অধীনে একটি প্রকল্প নেওয়ার কথা জানিয়েছিলেন। মন্ত্রীর এ আশ্বাসের দুই বছর পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি।
যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পটি এরই মধ্যে অনুমোদিত হয়েছে। ৪৪১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে সড়কটি পুনর্নির্মাণ করা হবে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এ কাজ শুরু হবে।’ এ সময়ের মধ্যে সড়কটি সার্বক্ষণিক সংস্কার করে চলাচলের উপযোগী রাখার চেষ্টা চলছে বলে তিনি জানান।