হেলেদুলে চলে যানবাহন
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নাগরবন্দর-পীরব সড়কের নাগরবন্দর থেকে প্রায় দেড় কিলোমিটার অংশের কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই ওই খানাখন্দে পানি জমে কাদাপানিতে একাকার হয়ে যায়। আর শুষ্ক মৌসুমে ধুলায় ভরে যায় গোটা এলাকা। অথচ এই সড়ক দিয়েই উপজেলার পাঁচটি ইউনিয়নের মানুষকে শহরে যাতায়াত করতে হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের পিচঢালাই উঠে ইট ও খোয়া বেরিয়ে পড়েছে। অনেক জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। এর মধ্য দিয়েই হেলেদুলে চলছে যানবাহন।
এ সড়ক দিয়ে চলাচলকারী ভ্যানচালক আবু তাহের (৪০) বলেন, ‘এই আস্তাডা খারাপ থাকায় হামরা এ দিকিন আসপ্যার চাই ন্যা। এ আস্তা দিয়া গেলে হামাকেরে অনেক কষ্ট হয়।’
পৌরসভার কাউন্সিলর আবু সাইদ হোসেন বলেন, ‘বেহাল সড়ক নিয়ে বাসিন্দারা প্রায়ই অভিযোগ করেন। বিষয়টি আমি পৌরসভার বৈঠকে তুলেছি। আশা করি খুব দ্রুত একটা সমাধান হবে।’
পৌরসভার উপসহকারী প্রকৌশলী রাসেদ হাশেম বলেন, সড়কটি সংস্কার করা দরকার। এ জন্য একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই গুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কারকাজ শুরু হবে।
পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, ওই সড়ক নতুন করে পাকা করার মতো বাজেট এই মুহূর্তে পৌরসভার নিজস্ব তহবিলে নেই। তবে সংস্কারের জন্য পরিকল্পনা চলছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।