হেলেদুলে ধীরে চলে যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

জামালপুর-শেরপুর সড়কের বেশির ভাগ অংশ ভাঙাচোরা। ফলে যানবাহন চলে ঝুঁকি নিয়ে। ছবিটি গত শনিবার দুপুরে জামালপুর শহরের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকা থেকে তোলা l প্রথম আলো
জামালপুর-শেরপুর সড়কের বেশির ভাগ অংশ ভাঙাচোরা। ফলে যানবাহন চলে ঝুঁকি নিয়ে। ছবিটি গত শনিবার দুপুরে জামালপুর শহরের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকা থেকে তোলা l প্রথম আলো

বেহাল সড়ক—৯২

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

জামালপুর-শেরপুর মহাসড়কের জামালপুর অংশের তিন কিলোমিটারের বেশির ভাগ স্থানে পিচ উঠে গেছে। ছয় বছর ধরে মেরামত না হওয়ায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো ধীরে চলতে বাধ্য হচ্ছে। দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) শেরপুর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে শেরপুর সদর থেকে জামালপুর শহর পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। ২০১০ সালে এটি সংস্কার করা হয়। অর্থ বরাদ্দ না পাওয়ায় এরপর থেকে সংস্কার কার্যক্রম বন্ধ রয়েছে। শেরপুর থেকে ব্রহ্মপুত্র সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের অবস্থা ভালো। তবে জামালপুর অংশের তিন কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্রহ্মপুত্র সেতু থেকে বাইপাস মোড় পর্যন্ত তিন কিলোমিটারে বেশির ভাগ অংশে পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে ডাকপাড়া, চৌরাস্তা মোড়, বন্দের বাড়ি, রেলক্রসিং, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে, দরিপাড়া ও বাইপাস এলাকার অবস্থা বেশি খারাপ। বড় বড় গর্তের ভেতর ইট ও মাটি ফেলা হয়েছে। হেলেদুলে ধীর ধীরে চলছে ট্রাক, বাস, প্রাইভেটকার, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এটি জামালপুর ও শেরপুর জেলার মধ্যে চলাচলের একমাত্র সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি খানাখন্দে ভরে গেছে। গত বর্ষা মৌসুমে সড়কের কয়েকটি স্থানে পানি জমে বড় গর্তের সৃষ্টি হয়। সেখানে অনেক সময় যানবাহন আটকে থাকত। তিন-চার মাস আগে সওজের পক্ষ থেকে ইট ও বালু ফেলে গর্ত ভরাট করা হয়। এরপর সড়ক কিছুটা চলাচলের উপযোগী হয়। পুরোপুরি সংস্কার না হওয়ায় লোকজনের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রেলক্রসিং এলাকার বাসিন্দা মো. ইসরাফিল হোসেন বলেন, এক বছর ধরে সড়কটির অবস্থা খুবই খারাপ। বর্ষা মৌসুমে এ এলাকায় সড়কটিতে হাঁটুসমান গর্তের সৃষ্টি হয়েছিল। ওই সময় মালপত্রবোঝাই কয়েকটি ট্রাক গর্তে আটকে গিয়েছিল। পরে গর্তগুলোতে ইট আর মাটি ফেলা হয়েছিল। এখন রাস্তা উঁচু-নিচু হয়ে আছে।

শেরপুর থেকে ইসলামপুর উপজেলাগামী ট্রাকের চালক শরিফুল হক বলেন, শেরপুর থেকে সেতু পর্যন্ত মোটামুটি ভালোই। সেতু পার হওয়ার পর খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে গাড়ি চালাতে বেগ পেতে হয়।

সওজের শেরপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, সেতু থেকে বাইপাস পর্যন্ত খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে গত মাসে সড়কটি মেরামতের জন্য একটি দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ শুরু হবে। এ ছাড়া পুরো সড়কটির অবকাঠামো উন্নয়নের জন্য একটি প্রকল্প তৈরি করা হচ্ছে।