হেলেদুলে রিকশা চলে ট্রাক চলে ঘুর পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের পান্ডারদী​িঘ থেকে কেল্লাবন্দ পর্যন্ত দুই কিলোমিটার সড়কের এমনি ভাঙাচোরা দশা। কোথাও কোথাও রাস্তার ওপরের অংশ বিলীন হয়ে সুরকি ও মাটি বেরিয়ে এসেছে। সিও বাজার এলাকা থেকে ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
রংপুর নগরের পান্ডারদী​িঘ থেকে কেল্লাবন্দ পর্যন্ত দুই কিলোমিটার সড়কের এমনি ভাঙাচোরা দশা। কোথাও কোথাও রাস্তার ওপরের অংশ বিলীন হয়ে সুরকি ও মাটি বেরিয়ে এসেছে। সিও বাজার এলাকা থেকে ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

পান্ডারদীঘি থেকে কেল্লাবন্দ। রংপুর নগরের দুই কিলোমিটার দীর্ঘ সড়কটির বেহাল দশা। পিচ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে সড়কজুড়ে। হেলেদুলে চলছে রিকশা-অটোরিকশা। দুরবস্থার কারণে অন্য পথ ঘুরে চলছে প্রাইভেট কার, মাইক্রোবাস ও ট্রাক।
সড়কটি ৩ নম্বর ওয়ার্ডের পান্ডারদীঘি থেকে ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কেল্লাবন্দ গিয়ে যুক্ত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মাত্র দুই কিলোমিটার সড়কের শতাধিক স্থানে খানাখন্দ। পিচ উঠে গিয়ে ইটের খোয়া বের হয়ে এসেছে। কষ্ট করে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশাসহ অন্যান্য হালকা যানবাহন। কিন্তু কোনো প্রাইভেট কার, মাইক্রোবাস বা ট্রাক এ সড়তে চলে না। এগুলো ধাপ এলাকা দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে চলাচল করছে।
ক্ষোভ প্রকাশ করে পান্ডারদীঘি এলাকার ট্রাকচালক শফিকুল ইসলাম বলছিলেন, মাত্র দুই কিলোমিটার পথ যেতে পাঁচ কিলোমিটার ঘুরতে হয়। উত্তর কেল্লাবন্দ এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, ‘বাধ্য হয়ে চলছি। রাতে এ রাস্তায় চলাচল করা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ।’
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটি নির্মাণ করা হয় ২০০৩ সালে। দীর্ঘ সাত বছর এটির কোনো সংস্কার নেই। সাত বছর ধরেই সড়কটির বেহাল দশা।
৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসেক আলী বলেন, এই ওয়ার্ডের মানুষদের ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যেতে এটিই প্রধান পথ। কিন্তু বেহাল দশার কারণে অটোরিকশা যেতে চায় না। আর গেলেও ভাড়া গুনতে হয় অনেক বেশি। সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জানতে চাইলে রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, অর্থসংকটের কারণে এত দিন সড়কটি সংস্কার করা যায়নি। কিন্তু এখন এটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্যানেল মেয়র ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম কবীর বলেন, ‘সড়কটি পুনর্নির্মাণের জন্য দেড় কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করছি, চলতি বছরই এর সুরাহা হবে।’